কলকাতা

এসএইআর(SIR) -এর উত্তেজনা জিইয়ে রেখে অবস্থানে সদলে মমতা

নাম বাদ যাওয়া ভোটারদের ন্যায্য অধিকারের দাবীতে কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো। ৬-৭ দিনের জন্য ধর্নামঞ্চে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি রাখতে দলের তরফ থেকে নেতাদের ইঙ্গিত দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ চরমে উঠেছে। একদিকে যখন বাংলার মসনদ দখলের লক্ষ্যে পরিবর্তন যাত্রা (BJP Paribartan Yatra) বের করেছে, তখনই নাম বাদ যাওয়া ভোটারদের ন্যায্য অধিকারের দাবীতে কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় চলতি এসআইআর প্রক্রিয়া নিয়েই মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ সভা। উল্লেখ্য, রাজ্যে এসআইআর (SIR) ঘোষণা হবার পর থেকেই নিয়ে রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের দ্বন্দ্ব অব্যাহত। এসআইআর সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লীতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আর নির্বাচন কমিশনের তরফে SIR`র প্রথম দফায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের বিবাদ তুঙ্গে উঠেছে। এই বিপুল সংখ্যক ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত এবং তাদের ভোটার তালিকার বাইরে রেখে নির্বাচনকে অসাংবিধানিক বলে দাবী করে,ভোটারদের অধিকাররক্ষার লড়াইয়ে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে তৃণমূল বিধায়কেরাও কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে। ধর্নামঞ্চে থাকবেন এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটার, ‘মৃত’ বলে চিহ্নিত হওয়া ভোটারও। ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কমিশনকে বিজেপির দালাল বলে আক্রমণ করার পাশাপাশি তিনি বলেন, ‘‘লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরাও এখানে বসে রয়েছেন`। মঞ্চে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গান গাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চে উপস্থিত হয়েছেন এসআইআর তালিকায় নাম বাদ যাওয়া এক সন্ন্যাসীও, যিনি মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। ২০০২ সালেও ভোটার তালিকায় যে তার নাম ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে মঞ্চে দাঁড়িয়ে সেইসব নথিপত্রও দেখান ওই সন্ন্যাসী। মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে হাজির হয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী যাঁরা তৃণমূলের রাজ্যসভার মনোনীত প্রার্থী। মঞ্চে উপস্থিত হন কবীর সুমন, কবি জয় গোস্বামী, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধে গান গেয়েছেন কবীর সুমন। বক্তব্য রাখেন কবি জয় গোস্বামী,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেনকা গুরুস্বামী। তাঁরা জানান,ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন। গলায় পোস্টার ঝুলিয়ে ধর্নামঞ্চে বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বক্তব্য রাখেন সাংসদ সায়নী ঘোষও। মঞ্চে রাজনীতির ময়দান ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে হাজির হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *