ভোটের মুখে খাস কলকাতায় ভয়াবহ বিস্ফোরণ, উড়লো টিনের ছাউনি ! আতঙ্ক এলাকায়
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো পাইকপাড়া, পরিত্যক্ত ক্লাব থেকে উদ্ধার তাজা বোমা,ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল, ঘটনার তদন্তে চিৎপুর থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা : ভোট যত এগোচ্ছে, বোমা উদ্ধার কিংবা বিস্ফোরণের ঘটনা ততই বাড়ছে। এবার তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো উত্তর কলকাতার ( Kolkata) পাইকপাড়ার গাঙ্গুলি বাগান এলাকা। এদিন সাতসকালে ওই এলাকার একটি পরিত্যক্ত ক্লাবে আচমকাই বিস্ফোরণের ( Blust) ঘটনা ঘটে।
এদিনের বিস্ফোরণের জেরে ক্লাবের আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে গিয়ে পড়েছে ক্লাবের টিনের ছাউনিটি। অন্যদিকে আচমকা বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার ( Chitpur Police Station) পুলিশ। তল্লাশি চালিয়ে ক্লাবের ভেতর থেকে উদ্ধার করা হয় বালতি ভর্তি তাজা বোমা।আর সেই বোমাগুলি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরে আগুন লাগার খবরও মিলেছে। তবে দমকলের তৎপরতায় দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনা সম্ভন হয়েছে পরিস্থিতি। পরিত্যক্ত ক্লাবের মধ্যে কে বা কারা, কি উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করেছিল তার উত্তরের সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য অনেকেরই ক্লাবটির ওপর নজর ছিল। পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। পাশাপশি নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ও পুলিশি নজরদারিও চাইছেন এদিনের ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয়রা। স্নিফার ডগের সাহায্যে শুরু হয়েছে তল্লাশি প্রক্রিয়া। কি কারণে পরিত্যক্ত ক্লাবে মজুত করা হয়েছিল বিস্ফোরক ? সত্যিই কি প্রোমোটার রাজের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হলো ক্লাব ঘরটি ? সবদিক খতিয়ে দেখছে চিৎপুর থানার পুলিশ।
উল্লেখ্য, গতকালই ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক ছড়ায়। কলকাতার অতি জনপ্রিয় এই পর্যটন স্থানের কর্তৃপক্ষের কাছে বিস্ফোরণের হুমকি মেইল পাঠানোর অভিযোগ ওঠে। এবার খাস কলকাতাতেই ঘটলো বিস্ফোরণের ঘটনা। যথেষ্ট আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নেপথ্যে কি প্রোমোটার রাজ নাকি অন্য কিছু ? জারি রয়েছে তদন্ত।


