বিপ্লব দেব, স্মৃতি ইরানীর উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মনোনয়ন জমা রত্না দেবনাথের
৯ তারিখেই তার মেয়ের জন্ম এবং মৃত্যুর তারিখ। মনোনয়ন জমা দেবার দিনটিও সেই ৯ তারিখকেই বেছে নিলেন পানিহাটীর বিজেপি প্রার্থী রত্না দেবনাথ
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পানিহাটী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন পানিহাটির (Panihati) বিজেপি (BJP) প্রার্থী রত্না দেবনাথ। প্রসঙ্গত এই ৯ তারিখেই তার মেয়ের জন্ম এবং মৃত্যুর তারিখ। যে মৃত্যুকে নিয়ে ২০২৪ সালের অগাস্ট মাস থেকে উত্তাল হয়ে উঠেছিলো দেশ। মেয়ের বিচার পেতে মরিয়া হয়ে জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে নেমে পানিহাটীর বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় মনোনয়ন জমা দেবার দিনটিও সেই ৯ তারিখকেই বেছে নিলেন রত্না দেবনাথ। ৯ই এপ্রিল বৃহস্পতিবার সোদপুর (Sodpure) অমরাবতী ময়দান থেকে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। তুমুল উৎসাহিত বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সোদপুর-মধ্যমগ্রাম রোড ধরে এগিয়ে চলে পানিহাটীর বিজেপি প্রার্থীর বর্ণাঢ্য শোভাযাত্রা। যাত্রাপথে প্রথমে পায়ে হেঁটে কিছুটা পথ চলেন তিনি। চলতে চলতেই কেন তিনি মনোনয়ন জমা দেবার দিনটি নির্দিষ্ট ৯ তারিখকেই বেছে নিয়েছেন এ প্রশ্নের উত্তরে রত্না দেবনাথ জানান, ৯ তারিখেই তিনি গোটা পৃথিবী পেয়েছিলেন, আবার সেই ৯ তারিখেই একমাত্র মেয়েকে দুষ্কৃতীরা কেড়ে নিয়েছেন। তাই এই ৯ তারিখটাকেই মনোনয়ন জমা দেবার দিন হিসেবে বেছে নিয়েছেন।
এদিন মনোনয়ন জমা দেবার যাত্রাপথে রত্না দেবনাথের সমর্থনে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb), বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী(Smriti Irani),খড়দহ (Khardaha) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ কল্যাণ চক্রবর্তী, বিজেপি নেতা জয় সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানী জানান, রত্না দেবনাথ শুধু বিজেপি প্রার্থীই নন, তিনি পশ্চিমবঙ্গের এক এক জন মহিলার প্রতীক, এক এক জন মা`য়ের প্রতীক যারা ন্যায় বিচার চায়, যারা চায় অন্যায়ের শাসন বন্ধ হোক।
এরপর হুডখোলা গাড়িতে চেপে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে রওনা দেন রত্না দেবনাথ। সোদপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে মুড়ে ফেলা হয় পানিহাটীর বিজেপি প্রার্থীর যাত্রাপথ। পদ্ম পতাকা হাতে কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত রত্না দেবনাথের সমর্থনে শোভাযাত্রা প্রত্যক্ষ করতে সোদপুরের রাস্তার দুধারে গেরুয়া সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।



