“পানিহাটীতে ২য় স্থানে কে থাকবে তার লড়াই লড়ছে CPIM – BJP” -তীর্থঙ্কর
বিগত ২৫ বছর ধরে যারা নির্মল ঘোষের হয়ে দোরে দোরে যেতেন ভোট চাইতে, এবার তাদের সংখ্যাটা যেন দ্বিগুন হয়েছে নতুন প্রার্থী, সকলের প্রিয় তীর্থঙ্কর ঘোষ বা পুচিদাকে প্রার্থী হিসেবে পেয়ে।
৭এ নিউজ ডেস্ক: দলীয় প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী স্বয়ং আগরপাড়ায় (Agarpara) এসে জনসভা করে যাবার পরে উৎসাহ উদ্দীপনায় টগবগ করে ফুটছেন পানিহাটির তৃণমূল (TMC) কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিগত ২৫ বছর ধরে যারা নির্মল ঘোষের হয়ে দোরে দোরে যেতেন ভোট চাইতে, এবার তাদের সংখ্যাটা যেন দ্বিগুন হয়েছে নতুন প্রার্থী, সকলের প্রিয় তীর্থঙ্কর ঘোষ বা পুচিদাকে প্রার্থী হিসেবে পেয়ে। এদিন প্রার্থী প্রচারে বার হয়ে ছিলেন পানিহাটির সবচাইতে বড় ২৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে, সেখানেও দেখা গেলো প্রিয় পুচিদাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছাস। মহিলা পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ তীর্থঙ্কর ঘোষকে সামনে পেয়ে আশীর্বাদ করলেন দুহাত ভরে। আর প্রার্থীকেও দেখা গেলো মনোযোগ দিয়ে শুনছেন এলাকার মানুষের অভাব, অভিযোগ, পাশাপাশি তাদের বলছেন মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা। সাথে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তন্দ্রা ঘোষ, পৌরমাতা শ্যামলী দেব রায়, শিবশঙ্কর রায়, জুলি সরকার পাত্র প্রমুখ নেতা নেত্রী সহ অগণিত কর্মী সমর্থক ।প্রচারের মাঝেই প্রার্থী তীর্থঙ্কর ঘোষ প্রত্যয়ী গলায় জানিয়ে দিলেন, “পানিহাটিতে ২য়স্থানে কে থাকবে তার লড়াই লড়ছে সিপিইএম ও বিজেপি।”
কর্মী সমর্থকদের এই আবেগ, উৎসাহ যদি আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত ক্রমশ বাড়তে থাকে, তাহলে হয়ত টানা ৪র্থ বারের জন্য পানিহাটী দখল করতে পারে তৃণমূল কংগ্রেস।



