বিজেপির মিছিল থেকে বিশেষভাবে সক্ষম তৃণমূল কর্মীকে মারধোরের অভিযোগ, উত্তেজনা পানিহাটীতে
পানিহাটীতে বিজেপির প্রচার চলাকালীন জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও বিশেষভাবে সক্ষম যুবককে মারধোরের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা: নির্বাচনী আবহেই বিজেপি-তৃণমূলের (BJP vs TMC) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পানিহাটী (Panihati)। বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন তৃণমূল কর্মীর জয় বাংলা স্লোগান দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, এদিন পানিহাটীর ৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে সঙ্গে নিয়ে প্রচার করছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপি কর্মী-সমর্থকদের প্রচার চলাকালীন অশীতিপর এক বৃদ্ধা জয় বাংলা`স্লোগান দেন। সেই সময় তার সঙ্গে ছিলেন বিশেষ ভাবে সক্ষম তৃণমূল কর্মী এক যুবকও। কেন তিনি `জয় বাংলা বললেন, এই নিয়ে প্রচারে সামিল বিজেপি কর্মীরা চড়াও হয় ওই অশীতিপর বৃদ্ধা এবং বিশেষভাবে সক্ষম যুবকের উপরে। অভিযোগ, রাস্তায় ফেলে বেধড়ক মারধোর করা হয় রাজীব দাস নামের ওই যুবককে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
https://youtu.be/gp_ny5FdfYY
আর এই ঘটনা জানাজানি হতেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে পানিহাটীর তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিযুক্তদের শাস্তির দাবীতে ঘোলা থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন পানিহাটীর ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী, ৩৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ বড়ুয়া, ৩২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিঠু মজুমদার সহ অন্যান্যরা। বিজেপির বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুলে তৃণমূলের ঘোলা থানা ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
নারী সুরক্ষার কথা তো দূর,ওরা কোনো মানুষের সুরক্ষাই দেবে না। ৮০ বছরের বৃদ্ধাকে যারা এভাবে মারতে পারে তাদের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না, জানান পানিহাটীর ২৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী।



