খেলা

প্রয়াত হলেন টুটু বসু, অভিভাবকহীন মোহনবাগান

তাঁর হাত ধরেই মোহনবাগান ক্লাব ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে, বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক টুটু বসুর প্রয়ানে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ টুটু বসু। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপনসাধন বসু যিনি সকলের কাছে টুটু বসু নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। সোমবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করার পর খবর পেয়ে মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যের নব নির্বাচিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মোহনবাগান ক্লাব এবং টুটু বসু ছিলেন একে অপরের পরিপূরক। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়লো মোহনবাগান। শোকস্তব্ধ ভারতীয় ফুটবল মহল। ‘মোহনবাগান রত্ন’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত মোহনবাগানের সচিব ছিলেন। ২০১৮ সালে ফের তিনি সচিব নির্বাচিত হন। দীর্ঘকাল মোহনবাগানের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তাঁর হাত ধরেই মোহনবাগান ক্লাব ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। চিমা ওকেরিকে সই করিয়ে তিনিই প্রথম বিদেশি ফুটবলার নিয়ে আসেন সবুজ-মেরুন ক্লাবে। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার হাতে ক্লাবের মালিকানা তুলে দিয়ে ক্লাব পরিচালনার ক্ষেত্রে আধুনিক পদ্ধতির সূচনা করেন তিনি। ফুটবল জগতের পাশাপাশি রাজ্যসভায় তৃণমূলের সাংসদও ছিলেন তিনি। টুটু বসুর প্রয়ানে ভারতীয় ফুটবল জগতে এক যুগের অবসান হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *