ফের অঘটন , ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু পরিচালক অনীক দত্তের !
জনপ্রিয় ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক আর নেই। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী , সঙ্কটজনক অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
নিজস্ব সংবাদদাতা : টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে সমাজমাধ্যমে অপ্রত্যাশিতভাবে একটি দুঃসংবাদ ছড়িয়ে পড়ে যে, পরিচালক অনীক দত্ত গড়িয়াহাটের নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন। প্রথমে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষন পরেই জানা যায় — মৃত্যু হয়েছে বর্ষীয়ান পরিচালকের। জনপ্রিয় ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক আর নেই। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী , সঙ্কটজনক অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে অনীক দত্তের বয়স হয়েছিল ৬৬ বছর। মাত্র পাঁচ দিন আগেই তাঁর জন্মদিন ছিল। গত ২২ মে তারিখে তিনি সামাজিক মাধ্যমে নিজের পুরনো স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তবে, পরিচালকের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি।
তবে এই দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। পরিবার অথবা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ঠিক কোন পরিস্থিতিতে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পরিচালকের এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে অনীক দত্ত রাতারাতি খ্যাতির শিখড়ে পৌঁছে যান। এই ছবিতে ভৌতিক কাহিনীর অন্তরালে যে রাজনৈতিক ও সামাজিক শ্লেষের প্রকাশ ঘটেছিল, তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি ‘মাইলস্টোন’,ভৌতিক আবহের আড়ালে সমাজ এবং সময়কে ব্যঙ্গ করার যে অভিনব ভাষা তিনি ব্যবহার করেছিলেন, তা তাঁকে বাংলা চলচ্চিত্রের একজন স্বতন্ত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা দেয়। একই ধরনের বার্তা তিনি তাঁর পরবর্তী ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এর মাধ্যমেও দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলেন।
এরপর তিনি একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো একাধিক উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেন। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে নির্মিত ‘অপরাজিত’ ছবিটি দর্শক এবং সমালোচক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। তাঁর ছবিগুলোতে বারবার মধ্যবিত্ত বাঙালির জীবনযাত্রা, সামাজিক সম্পর্কগুলোর টানাপোড়েন এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সূক্ষ্ম রসবোধের ছবি ফুটে উঠেছে।প্রিয় পরিচালকের প্রয়াণের খবর পেয়ে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন অভিনেতা জীতু কমল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিনহা, শ্রীলেখা মিত্র ,বাম নেতা সৃজন চক্রবর্তী সহ বহু বন্ধু- গুণমুগ্ধরা।



