লাইফস্টাইল

ওয়েব থেকে মোবাইল ভার্সন, হঠাৎই ডাউন ফেসবুক! ডেস্কটপে খুলছে না হোয়াটঅ্যাপও

হঠাৎই ডাউন ফেসবুকের ওয়েব ভার্সন। ডেস্কটপে খুলছে না হোয়াটঅ্যাপও। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা সমস্যার অভিযোগ জানাচ্ছেন। জেনে নিন বিস্তারিত-

নিজস্ব সংবাদদাতা : ফের অচল মেটা! শুক্রবার হঠাৎই বড়সড় সমস্যায় পড়লেন বিশ্বজুড়ে কোটি কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ফেসবুকের ওয়েব ভার্সন ঠিকমতো কাজ করছে না, আর একই সঙ্গে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেও রীতিমতো বেগ পেতে হচ্ছে বহু মানুষকে। আর এই সমস্যা ঘটা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
বিভিন্ন আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা অভিযোগ জানাতে শুরু করেন যে, ফেসবুকের নিউজফিড লোড হচ্ছে না, লগ-ইন করতে সমস্যা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ওয়েবসাইটটি পুরোপুরি অচল হয়ে পড়েছে। ঠিক একই সময়ে ডেস্কটপ বা ওয়েব ভার্সনের হোয়াটসঅ্যাপেও সমস্যা দেখা যাচ্ছে।
টেক বিশেষজ্ঞদের মতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো মেটার একাধিক পরিষেবা আসলে একই অবকাঠামোর ওপর নির্ভরশীল। তাই কোনো একটি জায়গায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে তার প্রভাব একসঙ্গে একাধিক প্ল্যাটফর্মে পড়ে।
যদিও সংস্থার তরফে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন দেশে ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে অনেক ব্যবহারকারী জানিয়েছেন, মোবাইল অ্যাপে আংশিকভাবে পরিষেবা চালু থাকলেও ডেস্কটপ বা ওয়েব ভার্সনে সমস্যার মাত্রা বেশি। ফলে অফিসের কাজ, ব্যবসায়িক যোগাযোগ এবং দৈনন্দিন মেসেজ আদান-প্রদানে বিঘ্ন ঘটছে। টেক বিশেষজ্ঞদের পরামর্শ, এমন পরিস্থিতিতে ব্যবহারকারীরা কিছুক্ষণ অপেক্ষা করুন এবং বারবার লগ-ইন বা অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তনের চেষ্টা না করাই ভালো। সাধারণত সার্ভার সংক্রান্ত সমস্যা হলে সংস্থার প্রযুক্তিগত দল তা দ্রুত সমাধানের চেষ্টা করে।ফেসবুক ও হোয়াটঅ্যাপের পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, সেদিকেই এখন নজর কোটি কোটি ব্যবহারকারীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *