কামারহাটীতে বেহাল পৌর পরিষেবা ! প্রতিবাদে পথে বামেরা, অবরুদ্ধ বি.টি.রোড
সূত্রের খবর এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম এর পাঁচটি এরিয়া কমিটির সদস্যরা যৌথভাবে কামারহাটী পৌর এলাকায় বেহাল নাগরিক পরিষেবার প্রতিবাদে পথে নামে। প্রথমে তারা পৌরসভা সংলগ্ন বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সঙ্গে চলে ঝাঁঝালো স্লোগানও।
৭এ নিউজ ডেস্ক: বঙ্গে পালাবদল হতেই বেহাল অবস্থা রাজ্যের একাধিক পৌরসভার।নিজেদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক পৌরপ্রধান। অতি সম্প্র্রতি পদত্যাগ করেছেন কামারহাটি (Kamarhati) পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। যদিও কাউন্সিলরের পদ থেকে আপাতত ইস্তফা দেননি তিনি। আর এদিন কামারহাটি পৌর এলাকায় বেহাল পৌর পরিষেবার অভিযোগ তুলে কামারহাটী পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে সেই সংক্রান্ত ডেপুটেশন জমা দিলেন বামেরা। সূত্রের খবর এদিন কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম (CPIM) এর পাঁচটি এরিয়া কমিটির সদস্যরা যৌথভাবে কামারহাটী পৌর এলাকায় বেহাল নাগরিক পরিষেবার প্রতিবাদে পথে নামে। প্রথমে তারা পৌরসভা সংলগ্ন বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সেই সঙ্গে চলে ঝাঁঝালো স্লোগানও।
তবে বামেদের অবরোধে রথতলা চত্বরে ব্যাহত হয় যান চলাচল। বিটি রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তায় একে একে থমকে যায় গাড়ি। তাই কর্তব্যরত পুলিশকর্মীদের অনুরোধে পরবর্তীতে সেই অবরোধ তুলে নেন বামেরা। কামারহাটি পৌরসভার সামনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। এদিনের ডেপুটেশন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদীপ মিত্র (Sayandeep Mitra), সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি (Manash Mukherjee) সহ অন্যান্যরা। এরপর বিক্ষোভকারীদের ৭ সদস্যের প্রতিনিধিদল ডেপুটেশন জমা দিতে যান পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে।
ডেপুটেশন জমা দেবার পর এদিনের কর্মসূচি প্রসঙ্গে সায়নদীপ মিত্র জানালেন-” কামারহাটী পৌরসভায় চেয়ারম্যান নেই, কাউন্সিলারেরা পালিয়ে গেছে। চোর কাউন্সিলররা মানুষের ভয়ে এলাকায় ঢুকতে পারছে না। পৌর পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। খাবার জল পাচ্ছে না, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, মানুষ একটা ভয়ংকর অব্যবস্থার মধ্যে রয়েছে। “সেই সঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য- মানুষ যাতে সঠিকভাবে পৌর পরিষেবা পান সেই দাবিকে সামনে রেখে তাঁরা এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। আগামীতে সেই দাবি পূরণ না হলে কিংবা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন লড়াকু বাম নেতা।


