পশ্চিমবঙ্গ

আবারও আগরপাড়ার গিরিবালা ঘাটে মর্মান্তিক মৃত্যু! গঙ্গায় তলিয়ে প্রাণ গেল যুবকের

স্নান করতে নেমে বিপত্তি, উদ্ধার করার পরও ফের জলে ঝাঁপ—তিন ঘণ্টার তল্লাশির পর SDRF-এর হাতে মিলল রাজকুমার দাসের দেহ; পরপর মৃত্যুর ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা : ফের গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনা ঘটলো আগরপাড়ার গিরিবালা ঘাটে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর তিনটে নাগাদ রাজকুমার দাস নামে এক ব্যক্তি গঙ্গায় স্নান করতে নামেন। সেই সময় এক স্থানীয় বাসিন্দা শুভাশিস দাস দেখতে পান, ওই ব্যক্তি জলে হাবুডুবু খাচ্ছেন। তিনি দ্রুত ওই ব্যক্তিকে জল থেকে টেনে ঘাটে তুলে আনলেও ফের জলে নামার চেষ্টা করেন। এরপরেই উদ্ধারকারী যুবক স্থানীয়দের ডাকতে গেলে সেই সময়ে ওই ব্যক্তি গঙ্গার জলে নেমে তলিয়ে যান। তাকে বাঁচানোর একাধিক বার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন স্থানীয় বাসিন্দারা। তারা জানান ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আর এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ এবং SDRF অর্থাৎ STATE DISASTER RESPONS FORCE , দীর্ঘ প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর অবশেষে গঙ্গা থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। বছর ৩০’র মৃত ব্যক্তির নাম জানা গেছে রাজকুমার দাস, আগরপাড়ার নিউ লাইন এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মৃতের পরিবারের সদস্যরাও।
দিন কয়েকের মধ্যেই পর পর এহেন মৃত্যুর ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়েছে। মৃহদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *