বিধাননগরে TMC পার্টি অফিস থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড, জমির কাগজ

নিজস্ব সংবাদদাতা : এবার তৃণমূল পার্টি অফিস থেকে প্রচুর পরিমানে আধার কার্ড ও জমির কাগজপত্র উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো বিধাননগর কর্পোরেশন এলাকার ৩৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বাসন্তীদেবী কলোনী এলাকায়। অভিযোগ এলাকার তৃণমূল দপ্তরটিতে আজ সকালে এলাকারই কয়েকজন ঢুকে দেখতে পান একটি সুটকেস, আর সেটি খুলতেই বার হয়ে আসে গাদা গাদা আধার কার্ড এবং জমিজমা সংক্রান্ত প্রচুর কাগজপত্র। বিষয়টি জানতে পেরেই স্থানীয়রা ভীড় করেন পার্টি অফিসটিতে, যদিও কোনও তৃণমূল কর্মীকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে দীর্ঘ দিন ধরে এই তৃণমূল পার্টি অফিসটি থেকে চলতো নানান রকম অবৈধ কাজকর্ম, এমন কি নির্বাচনের দিনেও প্রচুর তৃণমূল কর্মীর জমায়েত ছিলো পার্টি অফিসটিতে। পুলিশ বাজেয়াপ্ত করেছে উদ্ধার হওয়া আধার কার্ড সহ জমির কাগজগুলিকে।



