বাড়ল সরকারি চাকরির পরীক্ষার বয়সসীমা, শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই ৬টি বড় সিদ্ধান্ত
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে একটি প্রশ্ন উঠেছিল যে, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী সেই আশঙ্কা দূর করে স্পষ্ট করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু থাকবে, তবে তা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।
মৃত্তিকা সেনগুপ্ত : আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যোগদান করেন তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকে। আর এই প্রথম বৈঠকের পরেই স্পষ্ট রাজ্যে বর্তমানে যে সামাজিক প্রকল্পগুলি চলছে, সেগুলি বন্ধ করা হবে না। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
কি কি সিদ্ধান্ত নেওয়া হলো ?
চালু থাকছে জনকল্যাণমূলক প্রকল্প
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে একটি প্রশ্ন উঠেছিল যে, পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা। এই বিষয়ে শুভেন্দু অধিকারী সেই আশঙ্কা দূর করে স্পষ্ট করে বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু থাকবে, তবে তা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা-ও তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। তাঁর মতে, মৃত ব্যক্তি বা যে সকল ব্যক্তি ভারতীয় নাগরিক নন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা
এদিন শুভেন্দু জানান,দেশের এবং পশ্চিমবঙ্গের সুরক্ষা সংক্রান্ত বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। বিএসএফ-এর (BSF) সীমান্ত চৌকি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি হস্তান্তরের প্রস্তাবিত ফাইলে তিনি অনুমোদন দিয়েছেন। শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী, ভূমি ও রাজস্ব সচিবকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বলা হয়েছে।
শুরু হবে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প ও ‘আয়ুষ্মান ভারত’
বিগত সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বনাম কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে যে বিতর্ক ছিল, তার অবসান ঘটিয়েছেন নব্য মুখ্যমন্ত্রী, তিনি জানান পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান করেছে। তবে বর্তমানে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। স্বাস্থ্যসচিব ও মুখ্যসচিবকে দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এছাড়াও, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলিতেও যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যকর করা হলো ভারতীয় ন্যায় সংহিতা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন যে, আগের সরকার রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর করেনি। তবে এখন থেকে বাংলায় সংবিধান মেনে বিএনএস অনুযায়ী কাজ করা হবে।
IAS, IPS ও WBCS আধিকারিকদের কেন্দ্রীয় ট্রেনিং
এতদিন পর্যন্ত রাজ্যের IAS, IPS ও WBCS আধিকারিকদের কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত হওয়ার অনুমতি পাওয়া যেত না। এখন থেকে অন্যান্য রাজ্যের মতো সেই নিয়ম চালু করা হবে।
সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি
পূর্বতন সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা করেছেন।তিনি বলেন যে, ২০১৫ সালের পর থেকে বাংলায় নিয়োগ কার্যত বন্ধ ছিল। সেই বিষয়টি মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে, যে সকল প্রার্থীরা গত কয়েক বছরে সরকারি পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছেন, তাঁরা পুনরায় সুযোগ পাবেন।
সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের সমাপ্তির পর শুভেন্দু স্পষ্টভাবে জানান যে তারা আরও একটি সভা করবেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিষয় এবং নারী নির্যাতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির বিষয় এবং বেতন কমিশন, এরিয়ার এবং ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে, সেগুলি পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য রাখা হবে। এই ধারাবাহিকতায় শুভেন্দু আরও নিশ্চিত করে জানিয়েছেন যে, আগামী সোমবার রাজ্যের মন্ত্রিসভার পরবর্তী যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে ডিএ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, যে ডিএ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা করেছিল পূর্বতন রাজ্যসরকার।



