ভর সন্ধ্যায় এটিএম লুটের চেষ্টা,পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতীকে গণপ্রহার, উত্তেজনা সোদপুরে
সোদপুরে জনবহুল এলাকায় ভর সন্ধ্যেবেলা সরকারী ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা, দুষ্কৃতীদের হাতেনাতে ধরলো এলাকাবাসী,পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে চললো গণপ্রহার
নিজস্ব সংবাদদাতা : আবারও খবরের শিরোনামে সোদপুর। ভর সন্ধ্যায় ১টি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম লুটের চেষ্টা। দুষ্কৃতীদের হাতেনাতে ধরলো স্থানীয় বাসিন্দারা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধোর এলাকাবাসীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোদপুরের কালীতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে সোদপুর কালীতলা এলাকায় একটি সরকারী ব্যাঙ্কের এটিএম কাউন্টারে গ্রাহক সেজে ঢোকে। ভেতরে ঢোকার পরেই এটিএমের লকার ভেঙে ভেতর থেকে টাকা লুট করার চেষ্টা করে তারা। ঠিক সেই সময়ে ওই এটিএম কাউন্টার থেকে টাকা তোলবার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন স্থানীয় বাসিন্দা সাথী ঘোষ। এটিএম কাউন্টারের ভেতরে সন্দেহজনক কিছু ঘটছে বুঝতে পেরে তিনি চিৎকার চেঁচামেচি করাতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা একজন দুষ্কৃতীকে ধরে ফেলে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাথী ঘোষ জানান, বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো ভেতরে যারা রয়েছে তারা এটিএম মেশিনটি খোলবার চেষ্টা করছে। সাথী ঘোষের কাছ থেকে সন্দেহজনক ঘটনার কথা জানতে পেরে এটিএম কাউন্টারের ভেতরে ঢুকে রীতিমতো দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় বাসিন্দা মলয় চক্রবর্তী। তখনই সেখান থেকে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে একজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। ক্ষিপ্ত এলাকার মানুষজনেরা পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে গণপ্রহার করলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালীতলা এলাকায়। জনরোষের হাত থেকে বাঁচাতে ঘটনাস্থল থেকে কোনোক্রমে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ।



