প্রচারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু
বালিতে শুভেন্দুর রোড শো ঘিরে উত্তেজনা, প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রোড শো`কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো হাওড়ার (Howrah) বালিতে। এদিন বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী সঞ্জয় সিংয়ের সমর্থনে প্রচারে গিয়ে মেগা রোড শোয়ে অংশ নেন ২৬`র বিধানসভা নির্বাচনে (Assembly Election) ভবানীপুর এবং নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী। বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে হুড খোলা গাড়ীতে চেপে প্রার্থীকে নিয়ে শুভেন্দু অধিকারীর রোড শো বালির বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করার পর গোস্বামী পাড়ায় পৌঁছোতেই সেখানে উপস্থিত স্থানীয় তৃণমূল (TMC) কর্মী-সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকলে যুযুধান ২ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা বচসায় জড়িয়ে পড়ে। পাশাপাশি তাঁর রোড শোকে উদ্দেশ্য করে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন শুভেন্দু অধিকারী। উত্তেজিত হয়ে হুডখোলা গাড়িতে দাঁড়িয়েই তৃণমূল সমর্থকদের দিকে আঙুল তুলে হুঁশিয়ারী দিতে দেখা যায় তাকে। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে বালি থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, বালি থানার আইসি`র মদতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে তাকে সাসপেন্ড করার দাবী জানানোর পাশাপাশি ঘটনাটি নির্বাচন কমিশনেরও নজরে আনবেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



