রাজারহাট-গোপালপুর মানুষ চালাবে, ঘরের ছেলে হয়ে কাজ করব: প্রত্যয়ী তরুণজ্যোতি
পেশায় আইনজীবী তরুণজ্যোতির ওপর এবার শাসক গড়ে পদ্মফুল ফোটানোর গুরুদায়িত্ব। তবে নিজের জয় নিয়ে প্রত্যয়ী তিনি। এদিন রাজারহাট -গোপালপুর বিধানসভার একাধিক এলাকায় দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। কখনো এলাকার বাসিন্দাদের উদ্দেশে হাত নাড়লেন আবার কখনো নতমস্তকে প্রবীণদের থেকে নিলেন আশীর্বাদ।
নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে এখন ভোটের হাওয়া (Assembly Election)। জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ পায়ে হেঁটে কিংবা কেউ আবার বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমেই সারছেন জনসংযোগ। এদিন তেমনি রাজারহাট -গোপালপুর (Rajarhat-Gopalpur) বিধানসভার মন্ডল ১ এর জনকল্যাণ সমিতি এবং মন্ডল ৩ এর কেষ্টপুর বৈশাখী খালপাড় সংলগ্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করলেন ওই কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। হিসেবে বলছে ২০১১ সাল থেকে রাজ্যে তৃণমূল আমল শুরু হওয়ার পর থেকে এই বিধানসভা ঘাসফুল শিবিরের দখলেই রয়েছে। তবে তার আগে রাজারহাট- গোপালপুর সিপিআই, সিপিআইএম (CPIM) এবং কংগ্রেস প্রতিটি দলের থেকেই বিধায়ক পেয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আবারো সংগীতশিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) ওপরই ভরসা রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে ২০২১ এর নির্বাচনে এই বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। তবে জয়ের মুখ দেখেননি তিনি। ৮৭,২৫০ টি ভোট পেয়ে রাজারহাট- গোপালপুরের বিধায়ক হন অদিতি মুন্সী। এবারও তিনিই প্রার্থী। তবে বিজেপি এবার এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তরুণজ্যোতি তিওয়ারিকে। পেশায় আইনজীবী তরুণজ্যোতির ওপর এবার শাসক গড়ে পদ্মফুল ফোটানোর গুরুদায়িত্ব। তবে নিজের জয় নিয়ে প্রত্যয়ী তিনি। এদিন রাজারহাট -গোপালপুর বিধানসভার একাধিক এলাকায় দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। কখনো এলাকার বাসিন্দাদের উদ্দেশে হাত নাড়লেন আবার কখনো নতমস্তকে প্রবীণদের থেকে নিলেন আশীর্বাদ। আইনজীবী হওয়ার সুবাদে বক্তৃতাতেও বেজায় সাবলীল তিনি। তাই প্রচারের মাঝে মাইক হাতে দিলেন ঝাঁজালো ভাষণও। জিতে এলে প্রথম কোন কাজটি করবেন তরুণজ্যোতি ? জানালেন- বাগজোলা খাল সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়নই হবে তাঁর প্রথম লক্ষ্য। এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সঠিকভাবে চালু করার পরিকল্পনাও রয়েছে তাঁর। শেষমেশ কোন প্রার্থীকেই সমর্থন করবেন রাজারহাট-গোপালপুরবাসী উত্তর মিলবে ৪ ঠা মে।



