‘দীপ্সিতা-জ্বরে’ কাঁপছে দমদম উত্তর,বাম কি ফিরবে এই কেন্দ্রে ?
কখনো হুডখোলা গাড়িতে চেপে সুবিশাল রোড শো আবার কখনো দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একেবারে সাদামাটা ভাবে পায়ে হেঁটে প্রচার সারছেন দীপ্সিতা ধর।এদিন পাঠানপুর মোড় থেকে শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। গলায় বামেদের উত্তরীয়, মুখে প্রত্যয়ী হাসি, আর স্থানীয়দের সঙ্গে অকপটে মিশে যাওয়ার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাকে সঙ্গী করে এদিন নিজের নির্বাচনী কেন্দ্রের অলিগলিতে এলাকাবাসীদের সঙ্গে আলাপচারিতা করলেন লড়াকু বাম নেত্রী।
নিজস্ব সংবাদদাতা: দমদম উত্তর (Dumdum Uttar) দিচ্ছে ডাক, বামফ্রন্ট বিধানসভায় যাক। উত্তর দমদম বিধানসভা রীতিমতো কাঁপছে ‘দীপ্সিতা-জ্বরে।’ সিপিআইএম প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছসিত আট থেকে আশি সকলেই। নাম ঘোষণা হওয়ার পর থেকেই দমদম উত্তর জুড়ে প্রচারে ঝড় তুলছেন দীপ্সিতা ধর (Dipsita Dhar)। কখনো হুডখোলা গাড়িতে চেপে সুবিশাল রোড শো আবার কখনো দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একেবারে সাদামাটা ভাবে পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি।এদিন পাঠানপুর মোড় থেকে শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। গলায় বামেদের উত্তরীয়, মুখে প্রত্যয়ী হাসি, আর স্থানীয়দের সঙ্গে অকপটে মিশে যাওয়ার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাকে সঙ্গী করে এদিন নিজের নির্বাচনী কেন্দ্রের অলিগলিতে এলাকাবাসীদের সঙ্গে আলাপচারিতা করলেন লড়াকু বাম নেত্রী। কোথাও তাঁকে ফুল দিয়ে বরণ করে নিলেন স্থানীয়রা আবার কোথাও তাঁর সাথে নিজস্বী তুলতে ব্যস্ত ছোট থেকে বড় সকলেই।
প্রসঙ্গত, ডিলিমিটেশনের কারণে উত্তর দমদম ও নিউ ব্যারাকপুর পৌরসভার সমন্বয়ে তৈরি হয় দমদম উত্তর বিধানসভা এলাকা। আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যান্য হেভিওয়েট কেন্দ্রের মধ্যে অন্যতম দমদম উত্তর বিধানসভা। কারণ রাজ্যের বিদায়ী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের (Chandrima Bhattacharya) কেন্দ্র এটি। তবে ২০১৬ সালে এই কেন্দ্রে সবুজ ঝড় থেমে ওঠে লাল ঝড়। বিধায়ক হন বাম নেতা তন্ময় ভট্টাচার্য্য।কিন্তু ২০২১ সালে আবারো চন্দ্রিমা ভটাচার্য্যের হাত ধরে এই কেন্দ্র কুক্ষিগত করে ঘাসফুল শিবির (TMC)। এবারও তাঁর ওপরেই ভরসা রেখেছে দল। অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপ্সিতা। বিরোধী দলের দুর্নীতির খতিয়ান থেকে নিজের দলের প্রতিশ্রুতি- এসবই তাঁর প্রচারের অস্ত্র। এবারের নির্বাচনে যে পরিবর্তন আসন্ন সেবিষয়ে প্রত্যয়ীও তিনি। শেষমেশ কোন দলের পালে থাকে নির্বাচনের হাওয়া কিংবা এই কেন্দ্রে কি ফের ফিরবে বাম জমানা? তার উত্তর মিলবে ৪ ঠা মে।



