আসছে ‘জনতার দরবার’, এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকেই বলতে পারবেন নিজের সমস্যা
সম্ভবত আগামী ১ জুন থেকে বাংলাতে শুরু হতে চলেছে 'জনতার দরবার' নামক একটি কর্মসূচি, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি নিজের সমস্যার কথা বলতে পারবেন খোদ মুখ্যমন্ত্রীকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে, সপ্তাহে একদিন অথবা দু'দিন, দুই ঘণ্টা করে এই ‘জনতার দরবার’ কর্মসূচিটি চলবে।
নিজস্ব সংবাদদাতা : তবে কি এবার সরাসরি মুখ্যমন্ত্রীকেই বলা যাবে নিজের অভাব-অভিযোগ- সমস্যার কথা ? ঠিক এমনই এক নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে নবনির্বাচিত শুভেন্দু অধিকারী সরকার। নবান্ন থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্ভবত আগামী ১ জুন থেকে বাংলাতে শুরু হতে চলেছে ‘জনতার দরবার’ নামক একটি কর্মসূচি, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি নিজের সমস্যার কথা বলতে পারবেন খোদ মুখ্যমন্ত্রীকে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে যে, সপ্তাহে একদিন অথবা দু’দিন, দুই ঘণ্টা করে এই ‘জনতার দরবার’ কর্মসূচিটি চলবে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন , এখানে সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং দ্রুত তার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর সাথেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
সূত্রের খবর, এই ‘জনতার দরবারে’ সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। মানুষের অভিযোগ এবং সমস্যার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেই উপস্থিত থাকা প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন। যদিও এই বিষয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই এই কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে।



