গণনার দিন BJP কর্মীকে গুলি,জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার TMC বিধায়কের দাদা
ভোট গণনার দিন বিজেপি কর্মীকে গুলি, গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের দাদাকে গ্রেপ্তার করলো পুলিশ
নিজস্ব সংবাদদাতা : গত ৪ঠা মে ভোট গণনার দিন বিজেপি (BJP) কর্মীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল (TMC) বিধায়ক পরেশ রাম দাসের দাদা তথা ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাসকে গ্রেপ্তার করলো পুলিশ। বিশেষ তাৎপর্যের বিষয় হলো,ক্যানিং থানার তৎকালীন আইসি অমিত কুমার হাতির সাসপেন্ড হওয়ার পর নতুন আইসি দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গ্রেপ্তারীর ঘটনায় রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ক্যানিংয়ে নিজের বাড়ি থেকেই উত্তম দাসকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় উত্তম দাসের বাড়ির চারপাশ ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছিল না। এই অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন আগে রাতভর ক্যানিং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। থানা চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে। এরপরই প্রশাসনিক স্তরে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। হিংসা রুখতে নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগ উঠেছিল ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতির বিরুদ্ধে। এরপরেই শুক্রবার ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতিকে সাসপেন্ড করা হয়। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আইসি দায়িত্ব নেওয়ার পর রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা উত্তম দাসকে। নতুন আইসির এহেন পদক্ষেপ ভোট-পরবর্তী হিংসা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া বার্তা বহন করছে বলেই মত ওয়াকিবহাল মহলের।



