হাওড়া স্টেশন চত্বরে চললো বুলডোজার, শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
তবে স্টেশনের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানগুলি নিয়ে যাত্রীদের একটা বড় অংশের মধ্যে দীর্ঘকাল ধরে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ ছিল যে, এই দোকানগুলির কারণে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চলটি সবসময় জনাকীর্ণ এবং ঘিঞ্জি হয়ে থাকে।
স্টেশন এলাকাকে সম্পূর্ণভাবে অবৈধ দখলমুক্ত করতে এবার সরাসরি পদক্ষেপ রেলওয়ে কতৃপক্ষের।বুলডোজার চললো হাওড়া স্টেশন চত্বরে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান ও স্টল ।
কলকাতা শহরের উপকণ্ঠে অবস্থিত অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন হলো হাওড়া জংশন। প্রতিদিন অগণিত মানুষ এই স্টেশনের মধ্যে দিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। তবে স্টেশনের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানগুলি নিয়ে যাত্রীদের একটা বড় অংশের মধ্যে দীর্ঘকাল ধরে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ ছিল যে, এই দোকানগুলির কারণে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চলটি সবসময় জনাকীর্ণ এবং ঘিঞ্জি হয়ে থাকে। যাত্রীদের এমনও অভিযোগ ছিল যে ট্রেনের সময় হয়ে গেলেও অতিরিক্ত ভিড় এবং যানজট ঠেলে স্টেশনে প্রবেশ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। এই বিষয়ে তাঁরা এর আগেও বহুবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর Indian Railway এবং Railway Protection Force (RPF) যৌথভাবে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নামে।
সাধারণ পথচারীদের কাছ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, RPF এবং হাওড়া সিটি পুলিশের একটি বিশাল দল ওই দিন রাতে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং মাইকিং শুরু করে। অবৈধ দখলদারদের অবিলম্বে তাদের দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে, যারা হাওড়া স্টেশনের প্রবেশ পথ অবৈধভাবে দখল করে রেখেছেন, তারা যেন দ্রুত নিজেদের ডালা, ঠেলাগাড়ি অথবা গুমটি দোকান সরিয়ে ফেলেন। এই কাজের জন্য তাঁদের কিছু সময়ও দেওয়া হয়। এরপরই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টার মধ্যেই পুরো এলাকাটি দখলমুক্ত করা হয়। উচ্ছেদ অভিযান চলাকালীন RPF ও রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বুলডোজার ব্যবহার করে একটির পর একটি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয় এবং স্টেশন চত্বরটিকে দখলমুক্ত করা হয়।
অন্যদিকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী ,জায়গা ছেড়ে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হলেও তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তবে, ব্যস্ততম হাওড়া স্টেশন চত্বর হকার মুক্ত হওয়ায় খুশী রেল যাত্রীরা। তাদের বক্তব্য,রেল প্রশাসনের এহেন পদক্ষেপে হকারদের দৌরাত্ম্য এবার অনেকটাই কমবে। যার ফলে স্টেশন চত্বর আরও প্রশস্ত হবে এবং ব্যস্ত সময়েও নির্বিঘ্নে যাতায়াত করা সম্ভব হবে।



