বৃষ্টি ভেজা কলকাতায় সিপিআইএম রাজ্য দপ্তরে প্রসেনজিৎ !
মৃত্তিকা সেনগুপ্ত : সত্যিই বোধহয় এবার হাওয়া বদল হচ্ছে বাংলা সিনেমার অন্দরে। না হলে কোন দিন শুনেছেন, কোনও প্রযোজক তার সিনেমা দেখার আমন্ত্রন জানাতে আলিমুদ্দিন স্ট্রিটে হাজির হয়েছেন ? আজ ঠিক সেই ঘটনাটি ঘটলো বৃষ্টি ভেজা কলকাতায় সবাই যখন বিশ্ব যোগ দিবস নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে বাংলা সিনেমার বর্তমান অভিবাবক, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হাজির হলেন সিপিআইএমের রাজ্য দপ্তর মুজফ্ফর আহমেদ ভবণে। সাথে সৌরভ পালোধী। শুরুতে সবাই চমকে গেলেও, পরে জানা যায়, আগামী ২৬শে জুন মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত নতুন ছবি “অনেকদিন পর”। পরিচালক সৌরভ পালোধীর নতুন এই ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা, বিমল গিরি, শঙ্কর দেবনাথ, দেবাশীষ রায়চৌধুরী প্রমুখ অভিনেতারা। সেই নতুন ছবি দেখতে যাবার জন্য প্রবীণ বাম নেতা বিমান বসুকে আমন্ত্রণ জানাতেই আলিমুদ্দিনে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, সৌরভেরা। জানা গেছে সেখানে তাদের সাথে দীর্ঘ আড্ডা জমান মীনাক্ষী মুখার্জী, শমীক লাহিড়ী সহ অন্যান্য সিপিআইএম নেতারা। অবশ্যই কথা হয়েছে বাংলা সিনেমা এবং নাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে। প্রসেনজিৎ ও সৌরভ বিমান বসুকে আমন্ত্রণ জানিয়ে আসেন তাদের নতুন ছবি “অনেকদিন পর” দেখতে আসার জন্য।



