ফের সর্বসমক্ষে চুল কাটাতে বসলেন কৌস্তভ বাগচী , এবার কেন ?
প্রতিজ্ঞামতো ৪ ঠা মে'র পর থেকে তিনি আবারো মাথায় চুল রাখতে শুরু করেন। আর কালের নিয়মে চুল বাড়তেও থাকে। এবার সেই চুল ছাঁটতে রাস্তাকেই আবারো বেছে নিলেন বিজেপি নেতা। জানালেন - সর্বসমক্ষে যেমন মাথা মুড়িয়েছিলেন তেমনি এবার চুল গজানোর পর সবার সামনেই তা কাটলেন।নিজের এই পদক্ষেপকে 'প্রতীকী' হিসেবেই আখ্যায়িত করলেন কৌস্তভ।
৭এ নিউজ ডেস্ক : সালটা ২০২৩। ব্যাঙ্কশাল কোর্টের সামনে সর্বসমক্ষে মাথা মুড়িয়েছিলেন কৌস্তভ বাগচি ( Kaustav Bagchi)। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। আর গ্রেপ্তারির সাড়ে আট ঘন্টার মধ্যে শর্ত সাপেক্ষে ব্যক্তিগত বন্ডে জামিন মনঞ্জুর হয় তাঁর। আর মুক্তি পেয়ে আদালত থেকে বেরিয়েই মাথা কামিয়েছিলেন তিনি। প্রতিজ্ঞা করেন যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে পারবেন ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না।প্রসঙ্গত সেই সময় তিনি ছিলেন কংগ্রেসে। এর পরের বছরই বিজেপিতে অভিষেক হয় কৌস্তভের। তবে দল বদলালেও, অনড় ছিলেন নিজের প্রতিজ্ঞায়। এরপর ২০২৬। চলতি বছরের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয় তৃণমূলের (TMC)। সরকারে আসে পদ্ম শিবির। সেই সঙ্গে কৌস্তভ নিজেও সেই জয়ের ভাগিদার। কারণ বর্তমানে তিনি ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। আর প্রতিজ্ঞামতো ৪ ঠা মে’র পর থেকে তিনি আবারো মাথায় চুল রাখতে শুরু করেন। আর কালের নিয়মে চুল বাড়তেও থাকে। এবার সেই চুল ছাঁটতে রাস্তাকেই আবারো বেছে নিলেন বিজেপি নেতা। জানালেন – সর্বসমক্ষে যেমন মাথা মুড়িয়েছিলেন তেমনি এবার চুল গজানোর পর সবার সামনেই তা কাটলেন।নিজের এই পদক্ষেপকে ‘প্রতীকী’ হিসেবেই আখ্যায়িত করলেন কৌস্তভ। চুলে ছাঁট দিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান- ” অনেক তির্যক মন্তব্য,হাসিঠাট্টা, বিদ্রুপ ( হয়েছে ) তারপরেও আমার প্রতিজ্ঞা থেকে একচুল সরি নি। চুলের প্রতিজ্ঞা থেকে একচুল সরানো যায়নি কৌস্তভ বাগচীকে। …. প্রথমবার চুল কাটাটা রাস্তাতেই হয়েছিল। তাই রাস্তাতেই বসে প্রথম চুল কাটলাম চুল গজানোর পর। এটা প্রতীকী।”
বর্তমানের বঙ্গে যখন প্রতিবাদের নয়া ট্রেন্ড ‘ডিম থেরাপি’ তখন কৌস্তভ বাগচীর এদিনের প্রতীকী পদক্ষেপ বছর তিন আগে এ রাজ্যে প্রচলিত মাথা মুড়িয়ে প্রতিবাদের রীতিকেই যেন মনে করিয়ে দিলো।



