পশ্চিমবঙ্গ

কী হয়েছিল প্রভাস মন্ডল এনকাউন্টারের রাতে? তদন্তে নামলো CID

পুলিশের এই বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিল রয়েছে কি ? সেই রাতে ঠিক কি হয়েছিল ? কেন পুলিশকে গুলি চালাতে হলো ? এ হেন একাধিক বিষয়ে তথ্যতালাশ করতে এদিন ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির চার সদস্যের ফরেনসিক দল।

৭এ নিউজ ডেস্ক: এবার আদালতের নির্দেশে বারুইপুর কান্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল এনকাউন্টারের (Baruipur Encounter incident) ঘটনার তদন্তভার গিয়েছে সিআইডির (CID) হাতে। যেহেতু বারুইপুর জেলা পুলিশ এই এনকাউন্টারের সঙ্গে জড়িত তাই তারা এই ঘটনার তদন্ত করতে পারবেন না। এনকাউন্টারের রাতে ঠিক কি হয়েছিল ? সেই তদন্ত করবে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি। সেই সঙ্গে নিয়ম মোতাবেক চলবে বিভাগীয় তদন্তও।

প্রসঙ্গত, বারুইপুর কান্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। অভিযোগ, এদিন রাতে যখন ঘটনার পুনর্নির্মাণ করতে অকুস্থলে অর্থাৎ সূর্যপুরে নিয়ে যাওয়া হয় প্রভাসকে তখন তিনি পুলিশের অস্ত্রই হাতিয়ে নিয়ে উর্দিধারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালান এবং পালানোর চেষ্টা করেন। সেই সময় আত্মরক্ষার্থে প্রভাসকে গুলি করে পুলিশ। গুরুতর জখম প্রভাসকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এমনটাই জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। আর পুলিশের এই বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতির মিল রয়েছে কি ? সেই রাতে ঠিক কি হয়েছিল ? কেন পুলিশকে গুলি চালাতে হলো ? এ হেন একাধিক বিষয়ে তথ্যতালাশ করতে এদিন ঘটনাস্থলে পৌঁছয় সিআইডির চার সদস্যের ফরেনসিক দল। যে স্থানে প্রভাসের এনকাউন্টার হয়েছে বলে দাবি করা হচ্ছে সেই অকুস্থল শুধুমাত্র সরেজমিনে পরিদর্শন নয়, অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ঘটনাস্থলের খুঁটিনাটি পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। সেই সঙ্গে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যান নমুনাও। সবমিলিয়ে একদিকে যেমন বারুইপুর কান্ডের তদন্ত চলছে জোরকদমে তেমনি সেই ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডল এনকাউন্টারের ঘটনার তদন্তেও তৎপর সিআইডি। উল্লেখ্য, এর আগেও রাজ্যের একাধিক পুলিশি এনকাউন্টারের ঘটনায় সিআইডি তদন্ত হয়েছিল। আর রাতের অন্ধকারে প্রভাস মন্ডলের এনকাউন্টারের ঘটনার খবর চাউর হতেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এনকাউন্টার নিয়ে উঠতে থাকে একাধিক প্রশ্ন। এবার সেই এনকাউন্টারের ঘটনার তদন্তে সক্রিয় সিআইডি। আগামীতে রাজ্য তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়ায় কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *