কলকাতা

নববর্ষে বাংলা ও বাঙালীকে বাঁচানোর ডাক মানস মুখার্জীর

বাংলার নতুন বছরে কামারহাটী-বরানগর জুড়ে বাংলা ও বাঙালী বাঁচানোর ডাক সিপিআইএম প্রার্থী মানস এবং সায়নদীপের

নিজস্ব সংবাদদাতা : শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দ। আবারও বাঙালী পদার্পন করলো নতুন একটা বাংলা বছরে। এই নতুন বছরকে স্বাগত জানিয়ে আম বাঙালী মেতে উঠেছে উৎসবের আনন্দে। বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির পক্ষ থেকেও প্রত্যেক বছর বাংলার নতুন বছরের প্রথম দিনে সকলকে নববর্ষের শুভেচ্ছা-ভালোবাসা জানিয়ে সুসজ্জিত-বর্ণাঢ্য বর্ষবরণ পদযাত্রা সংঘটিত হয় যা এ বছর সপ্তম বছরে পদার্পণ করলো। আর এ বছরের অর্থাৎ ১৪৩৩ সালের বর্ষবরণের পদযাত্রায় অন্য মাত্রা যুক্ত করেছে বেলঘরিয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির প্রতিষ্ঠাতা, সম্পাদক মানস মুখার্জী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কামারহাটী বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নির্বাচিত হওয়ায়। নববর্ষের সকালে ঢাকের বাদ্যি সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের তালে তালে শিল্পীদের নাচে-গানে মুখরিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরা হয়। পাশাপাশি বাংলা নববর্ষের প্রভাতে সুসজ্জিত এই বিশাল পদযাত্রার মধ্যে দিয়ে একদিকে প্রার্থীর পরিচিতি অন্যদিকে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরনের উৎসব উদযাপিত হলো বেলঘরিয়ায়। এই শোভাযাত্রাটি ফিডার রোড কালাচাঁদ স্কুলের মোড় থেকে শুরু হয়ে বেলঘরিয়ার বিভিন্ন পথ পরিক্রমা করে।

নববর্ষের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাই সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যেও শুভেচ্ছা বার্তা দেন প্রার্থী মানস মুখার্জী। পাশাপাশি তিনি আরও জানান, প্রত্যেকটি এলাকার ক্লাবগুলোকে রাজনৈতিক আখড়া বানিয়ে তোলা হয়েছে, মুক্তমনা মানুষের মিলনের উদ্দেশ্যে তৈরী ক্লাবগুলোর সংস্কৃতি এবার পাল্টাতে হবে। এটাই আমাদের সকলের নতুন বছরের শপথ হোক।

অন্যদিকে বরানগরে বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনতে নববর্ষের দিন বাংলার মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বর্ণাঢ্য প্রভাত ফেরীর আয়োজন করেন সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। এক হাতে লাল পতাকা আর এক হাতে বাংলার মনীষীদের ছবি নিয়ে সেই প্রভাতফেরীতে অংশ নেন নবীন থেকে প্রবীণ বিভিন্ন বয়সী মানুষজন। নববর্ষের প্রভাত ফেরীর মধ্যে দিয়ে বরানগরে নির্বাচনী জনসংযোগও করলেন প্রার্থী সায়নদীপ মিত্র। ঢাকের বাদ্যি বাজিয়ে, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সমবেত সংগীত গাইতে গাইতে বরানগরের গোপাল লাল ঠাকুর রোড সহ বিভিন্ন পথ পরিক্রমা করেন। বরানগরের মানুষের কাছে বাংলার সংস্কৃতি বার্তা পৌঁছে দিতে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় পথ চলতে চলতেই প্রার্থী সায়নদীপ মিত্র জানান, বাংলাকে এবং বাঙালীকে যেভাবে অপমানিত করা হচ্ছে,বাংলার প্রতি বিদ্বেষ তৈরী করে দেওয়া হচ্ছে, বাঙালী আজ আক্রান্ত,তাই বাংলার নতুন বছর ১৪৩৩ হলো প্রতিবাদের হাতিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *