কলকাতা

হাতের কাছে ভোটার কার্ড নেই? তাহলে কি নিয়ে যাবেন ভোট দিতে, জানুন

যদি কোনোকারণে ভোটার কার্ড সঙ্গে না থাকে, তাহলেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে, নির্বাচন কমিশন কয়েকটি বিকল্প নথির কথা জানিয়েছে। এই নথিগুলির মধ্যে থেকে যেকোনো একটি সঙ্গে করে ভোটকেন্দ্রে গেলে ভোটাররা ভোট দিতে পারবেন। তবে এর জন্য ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক।

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই রাজ্যের সাতটি জেলায় মোট ১৪২টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ।চলতি মরশুমে নজরকাড়া নিরাপত্তায় ভোটগ্রহণ কেন্দ্র মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন। দক্ষিণবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীও মজুত হয়েছে আগের দফার চেয়ে অনেক বেশি। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ার আগে জেনে নিন সাথে ভোটার কার্ড না থাকলেও আর কেন উপায়ে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারবেন।
প্রথমত, ভোট দিতে যাওয়ার সময় দু’টি নথি সঙ্গে রাখা খুবই দরকার — ভোটার কার্ড এবং ভোটার স্লিপ। চলতি ভোটের মরশুমে নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) ইতিমধ্যেই তাদের নির্দিষ্ট এলাকায় ভোটারদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দিয়েছেন, আর সেই ভোটার স্লিপ নিয়েই ভোটারকে ভোট কেন্দ্রে যেতে হবে।
এবার যদি কোনোকারণে ভোটার কার্ড সঙ্গে না থাকে, তাহলেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে, নির্বাচন কমিশন কয়েকটি বিকল্প নথির কথা জানিয়েছে। এই নথিগুলির মধ্যে থেকে যেকোনো একটি সঙ্গে করে ভোটকেন্দ্রে গেলে ভোটাররা ভোট দিতে পারবেন। তবে এর জন্য ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক।

কী কী নথি নিয়ে বুথে গেলে আপনি ভোট দিতে পারবেন ?

ভোটার কার্ড ব্যতীত নির্বাচন কমিশন ভোটারদের জন্য ১২টি বিকল্প নথির কথা উল্লেখ করেছে। এই বিকল্পগুলির মধ্যে থেকে যে কোনও একটি নথি ব্যবহার করে একজন নাগরিক ভোট দিতে পারবেন।
কমিশন কর্তৃক উল্লিখিত নথিগুলো হলো—

  • আধার কার্ড (Aadhaar Card),
  • স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান) কার্ড (PAN Card)
  • ড্রাইভিং লাইসেন্স (Driving License)
  • পাসপোর্ট (Passport)
  • ছবিযুক্ত পেনশনের নথি,
  • ছবি-সহ ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবই
  • ১০০ দিনের কাজের জব কার্ড
  • কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের ছবিযুক্ত পরিচয়পত্র
  • শ্রম মন্ত্রকের প্রকল্পের আওতাধীন স্মার্ট কার্ড
  • স্বাস্থ্যবিমা প্রকল্পের অধীনে শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড
  • সংসদ সদস্য (সাংসদ) ও বিধানসভা সদস্য (বিধায়ক)-দের দেওয়া সরকারি পরিচয়পত্র
  •  বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকারের দেওয়া পরিচয়পত্র

    তবে অবশ্যই চেষ্টা করবেন ভোটার কার্ড এবং BLO থেকে প্রাপ্ত ভোটার স্লিপ নিয়েই ভোটদানে যেতে। এছাড়াও অন্যান্য বছরের মতো চলতি বছরের নির্বাচনেও বুথের ভিতরে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।বুথের বাইরে নির্দিষ্ট স্থানে মোবাইল জমা দিয়ে তারপর বুথের ভিতরে প্রবেশ করতে হবে। এছাড়াও বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে স্মার্ট ওয়াচ বা হেডফোনের মতো যেকোনো স্মার্ট ডিভাইস নিয়ে বুথে প্রবেশে বাধা দিতে পারেন। তাই ভোট দিতে যাওয়ার সময় মোবাইল ফোন,হেডফোন বা এই জাতীয় কোনো ডিজিটাল গ্যাজেট সাথে না নিয়ে যাওয়াই ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *