মধ্যমগ্রামের পর এবার সোদপুর, দুষ্কৃতীদের আক্রমণে আশঙ্কাজনক ১ বিজেপি নেতা সহ ৫
স্থানীয় বাসিন্দাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন স্থানীয় বিজেপি নেতা, ২০২২সালের পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভব্রত বোস। আর ঠিক সেই সময়ে বাইকে করে ৪জন দুষ্কৃতী এলাকায় পৌঁছে এলোপাথাড়ি বোমাবাজী শুরু করে

মৃত্তিকা সেনগুপ্ত : মধ্যমগ্রামের পর এবার সোদপুর, দুষ্কৃতীদের আক্রমণের শিকার এক বিজেপি নেতা সহ মোট ৫জন। ঘটনাটি ঘিরে এদিন রাতে তীব্র উত্তেজনা ছড়ালো পানিহাটী পৌরাঞ্চলের ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায়। প্রতক্ষদর্শীদের দাবী, স্থানীয় বাসিন্দাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন স্থানীয় বিজেপি নেতা, ২০২২সালের পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভব্রত বোস। আর ঠিক সেই সময়ে বাইকে করে ৪জন দুষ্কৃতী এলাকায় পৌঁছে এলোপাথাড়ি বোমাবাজী শুরু করে।
ঘটনায় হতচকিত হয়ে পড়েন এলাকার মানুষজন। বেশ কয়েকটি বোমা ছুঁড়ে এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন বিজেপি নেতা শুভব্রত বোস সহ মোট ৫জন। আশংকাজনক অবস্থায় শুভব্রতবাবুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় উত্তেজনা প্রশমনের চেষ্টা। তবে ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক মহিলা জানালেন, স্থানীয় লোকজনদের সাথে কথা বলছিলেন শুভব্রতবাবু সহ অন্যান্যরা, সে সময়ে বাইকে করে ৪ দুষ্কৃতী এসে বোমাবাজী করে পালিয়ে যায়, ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন তারা।
ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা।



