পশ্চিমবঙ্গ

পানিহাটীতে জয় সাহার নেতৃত্বে TMC`র হাতে ফিরিয়ে দেয়া হলো রাতারাতি দখল করা পার্টি অফিস

পানিহাটির বিজেপির অন্যতম শীর্ষ নেতা জয় সাহা নিজে উপস্থিত থেকে তৃণমূলের থেকে দখল করা বেশ কয়েকটি পার্টি অফিস ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মীদের হাতে। অতি উৎসাহী বিজেপি কর্মীরা পার্টি অফিস দখল তো করেই ছিলো, রাতারাতি গেরুয়া রঙে বদলেও ফেলা হয়েছিল পার্টি অফিসগুলির হুলিয়া।

নিজস্ব সংবাদদাতা : ২০২৬, বাংলার রাজনৈতিক ইতিহাসে যোগ করলো এক নতুন অধ্যায়। বাম – তৃণমূলকে ধরাশায়ী করে ১ম বারের জন্য রাজ্যের মসনদে ভারতীয় জনতা পার্টি। আর এই বিশাল জয়ের পর অতীতের ঘটনার প্রতিক্রিয়ায় বেশ কিছু তৃণমূল পার্টি অফিস ভাঙচুর এবং দখলের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু এদিন ঘটলো উলট পুরান। পানিহাটির বিজেপির অন্যতম শীর্ষ নেতা জয় সাহা নিজে উপস্থিত থেকে তৃণমূলের থেকে দখল করা বেশ কয়েকটি পার্টি অফিস ফিরিয়ে দিলেন তৃণমূল কর্মীদের হাতে। অতি উৎসাহী বিজেপি কর্মীরা পার্টি অফিস দখল তো করেই ছিলো, রাতারাতি গেরুয়া রঙে বদলেও ফেলা হয়েছিল পার্টি অফিসগুলির হুলিয়া। বোঝার উপায় ছিল না এগুলি এক সময় তৃণমূলের দপ্তর ছিলো। কিন্তু দলের নির্দেশে এবং জয় সাহার উদ্যোগে সেই রাতারাতি বদলে যাওয়া পার্টি অফিসগুলি আবার ফিরিয়ে দেওয়া হলো তৃণমূল কর্মীদের।
রাজনৈতিক লড়াইয়ে একেবারে অভিনব এ ঘটনায় হতবাক এক তৃণমূল কর্মী জানালেন, তারা ভাবতেই পারেন নি এমন ঘটনাও ঘটতে পারে, তারা খুশী দলের দপ্তর ফেরৎ পেয়ে, তার থেকেও বেশী অবাক এই অভাবিত ঘটনায়।
বিজেপি নেতা জয় সাহা জানালেন জয়ের একেবারে শুরুতে তারাও কিছু ভুল করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তৃণমূল কর্মীরা বেনো জলের মতো বিজেপির পতাকা হাতে নিয়ে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যা তাদের জানাই ছিল না। তবে সমস্ত ঘটনার জন্য তারা অনুতপ্ত এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা বেনো জলের মতো বিজেপির পতাকা হাতে নিয়ে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা তারা নেবেন।
এটাই যদি পরিবর্তিত বাংলার ছবি হয়, তাহলে বাঙালী আহ্লাদিত হতেই পারে। তবে সব জায়গায় একই ঘটনা ঘটলে তবেই সেই আহ্লাদ দীর্ঘস্থায়ী হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *