বিজেপিকে রুখতে বামেদের সঙ্গেও জোট বাঁধতে রাজি, ‘ইগো-হীন’ আহ্বান মমতার
গতকাল নিজের বাড়িতেই দলীয় নেতা ও সমর্থকদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান শুরুর আগেই এদিন বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন তিনি। মমতার অভিযোগ,ভোটের ফলঘোষণার পর থেকে তৃণমূলের কর্মীদের উপরে ‘লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস' চলছে। তাঁর আরও সংযোজন, “অনেকের বাড়ির সামনেই হুলিগানিজ়ম করছে। অনেক বেনোজল ঢুকে গিয়েছে। পুলিশ পুরো চুপ।”
৭এ নিউজ ডেস্ক: “রাস্তাই আমাদের রাস্তা দেখাবে”- গতকাল সকালে ব্রিগেডে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীদের উপস্থিতিতে বঙ্গের প্রথম বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। আর সেদিন বিকেলেই কালীঘাট থেকে বিজেপিকে প্রতিহত করার ‘রাস্তা’র হদিশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পদ্ম শিবিরকে পর্যুদস্ত করতে বাম, অতি বাম, ছাত্র-যুব সংগঠন সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার ডাক দিলেন তিনি। প্রসঙ্গত, গতকাল নিজের বাড়িতেই দলীয় নেতা ও সমর্থকদের নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তৃণমূল সুপ্রিমো। আর সেই অনুষ্ঠান শুরুর আগেই এদিন বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন তিনি। মমতার অভিযোগ,ভোটের ফলঘোষণার পর থেকে তৃণমূলের কর্মীদের উপরে ‘লাগামহীন, বল্গাহীন সন্ত্রাস’ চলছে। তাঁর আরও সংযোজন, “অনেকের বাড়ির সামনেই হুলিগানিজ়ম করছে। অনেক বেনোজল ঢুকে গিয়েছে। পুলিশ পুরো চুপ।” সেই সঙ্গে তাঁর বক্তব্য সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তেজস্বী যাদবের মতো ‘ইন্ডিয়া'(I.N.D.I.A alliance) জোটের একাধিক নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। এদিন তিনি আবারো দাবি করেন নির্বাচনে তৃণমূলকে হারানো হয়েছে। একগুচ্ছ অভিযোগের পাশাপাশি রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে একজোট হবার আহ্বান জানিয়েছেন তিনি। ‘ইগো’ সরিয়ে বাম, অতি বামেদের সঙ্গেও জোট বাঁধতে রাজি তিনি- স্পষ্ট আবেদন মমতার।সেই সঙ্গে তিনি জানান- ” আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত আমাকে পাওয়া যাবে, আলোচনার দরজা খোলা।”
নির্বাচনী প্রচার কর্মসূচিতে বারংবার ‘দিল্লি দখলের’ কথা বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ৪ ঠা মে ভোটের ফল ঘোষণা হতেই রাজ্যে ওঠে গেরুয়া ঝড়। ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। ২৯৩ বিধানসভা আসনের মধ্যে ৮০ টি আসনে কেবল জিতেছে তৃণমূল। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে হেরেছেন মমতাও। অন্যদিকে বঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অতি শীঘ্র গঠিত হতে চলেছে বিজেপি সরকার। সেই আবহে এদিন দিল্লি এবং বাংলায় বিজেপিকে প্রতিহত করতে প্রতিবাদের সুর বাঁধলেন মমতা। তাঁর এই আবেদনে আগামীতে কি সাড়া দেবে রাজনৈতিক দলগুলি? উত্তর দেবে সময়ই।



