দিলীপ-নিশীথদের দফতর বণ্টন করলেন শুভেন্দু,কে পেলেন কোন দফতর ?
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সারেন। বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার অন্য পাঁচ সদস্যের মধ্যে বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন করে দেন।
নিজস্ব সংবাদদাতা : একা শুভেন্দু নন, মোদির উপস্থিতিতে শপথ নিয়েছিলেন আরও পাঁচ বিধায়ক। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। সেই শপথগ্রহণের পর, আজ তাঁদের মধ্যে দপ্তর বণ্টন করা হল।
আজ , সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে নব নির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সারেন। বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার অন্য পাঁচ সদস্যের মধ্যে বিভিন্ন দফতরের দায়িত্ব বণ্টন করে দেন। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দিলীপ ঘোষ পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের ভার পেয়েছেন। অগ্নিমিত্রা পলের হাতে নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং এর সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বও দেওয়া হয়েছে। আদিবাসী বিষয়ক মন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু এবং খাদ্যদপ্তরের দায়িত্ব পেয়েছেন অশোক কীর্তনিয়া। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তরের মন্ত্রী করা হয়েছে।
রাজ্য সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে, মন্ত্রিসভার বাকি সদস্যদের দফতর আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই থাকবে। বুধবারের মধ্যেই বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করা হতে পারে বলে আশা করা যাচ্ছে।



