১ জুন থেকেই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা পাবেন বাংলার লক্ষীরা
যে সকল মহিলারা ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরাই সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই।
নিজস্ব সংবাদদাতা : আগামী ১লা জুন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা ঢুকতে শুরু করবে। নির্বাচনের আগেই বিজেপি তাদের সংকল্পপত্রে ঘোষণা করেছিল যে, এ বার বঙ্গে তারা সরকারে এলে অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা।নবগঠিত সরকারের প্রথম কর্মদিবসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন। এদিন নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর রাজ্য সরকার ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্প চালুর তারিখ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, আগামী ১লা জুন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ টাকা সরাসরি জমা হওয়া শুরু হবে। অর্থাৎ, জুন মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মহিলারা পেতে শুরু করবেন।
এই প্রকল্প নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে কি না। তবে প্রশাসন সূত্রে খবর, যে সকল মহিলারা ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরাই সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই।তবে এক্ষেত্রে অন্য কোনো শর্তাবলী প্রযোজ্য হবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভবিষ্যতে যদি কোনো অতিরিক্ত তথ্য বা নথিপত্রের প্রয়োজন হয়, তবে তা সরকারের পক্ষ থেকে বিশদে জানিয়ে দেওয়া হবে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে দ্বিগুণেরও বেশি অর্থ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় রাজ্যের মহিলাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।



