প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হার ৯১.২৩ %
সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী সফল ভাবে উত্তীর্ন হয়েছেন। প্রকাশিত ফলাফলে ছাত্রীরা পিছনে ফেলেছে ছাত্রদের। মোট উত্তীর্ণদের মধ্যে ৩,২০,২৩০ জনই ছাত্রী। মেধা তালিকায় নাম রয়েছে ৬৪ জন পড়ুয়ার।

মৃত্তিকা সেনগুপ্ত : প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অভাবনীয় ভাবে পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুন্ডু-সহ তিন জন।
সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী সফল ভাবে উত্তীর্ন হয়েছেন। প্রকাশিত ফলাফলে ছাত্রীরা পিছনে ফেলেছে ছাত্রদের। মোট উত্তীর্ণদের মধ্যে ৩,২০,২৩০ জনই ছাত্রী। মেধা তালিকায় নাম রয়েছে ৬৪ জন পড়ুয়ার। জেলাভিত্তিক সাফল্যের হারে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে পূর্ব মেদিনীপুর,পাশের হার ৯৪.১৯ শতাংশ। এরপর ক্রমানুসারে রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া এবং দার্জিলিং জেলার পরীক্ষার্থীরা।
নির্বাচনী আবহে এ বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মাথায় অত্যন্ত দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকেই নির্ধারিত কেন্দ্রগুলো থেকে স্কুলগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়ার কাজ শুরু হয়ে যায়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ এবং উত্তীর্ণ সকল সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংসদের সভাপতি পার্থ কর্মকার।
বেশ কিছু পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছেএবারের মার্কশিট ও ফলাফল প্রকাশের পদ্ধতিতে । প্রতিটি মার্কশিটে বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পরীক্ষার্থীর ছবি এবং পার্সেন্টাইল যুক্ত করা হয়েছে। এছাড়া আলাদাভাবে একটি বিশ্লেষণমূলক রিপোর্টও প্রস্তুত করা হয়েছে প্রতিটি স্কুলের জন্য, যাতে স্কুলের সামগ্রিক ফলাফল এবং কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলেন তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান রয়েছে। মনে করা হচ্ছে এর ফলে স্কুল কর্তৃপক্ষ তাদের শিক্ষাগত মান পর্যালোচনা করতে পারবে।



