দেশজুড়ে বাড়লো পেট্রোল-ডিজেলের দাম, মধ্যবিত্তের পকেটে কি পড়বে টান ?
ভোট মিটতেই মাথায় হাত মধ্যবিত্তের। আজ থেকে কলকাতায় পেট্রোলের দাম হলো লিটার পিছু ৩ টাকা ২৯ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা হল। ডিজেলের দাম লিটার পিছু ৮৭.৬০ টাকা থেকে তিন টাকা বেড়ে ৯০.৬৭ টাকা হল। সেই সঙ্গে দিল্লিতে পেট্রোলের দাম হল ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেলের মূল্য বেড়ে হলো ৯০.৬৭ টাকা। মুম্বই এবং চেন্নাইতে পেট্রোলের বর্ধিত দাম হলো যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ১০৩ টাকা ৬৭ পয়সা।

৭এ নিউজ ডেস্ক: জল্পনা ছিলই। আর সেই গুঞ্জনকে সত্যি করে বাড়লো পেট্রোল-ডিজেলের দাম। সেই সঙ্গে মহার্ঘ হয়েছে সিএনজিও। কলকাতা (Kolkata) , মুম্বই, দিল্লি সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বেড়েছে দুই পেট্রোপণ্যের দাম। প্রসঙ্গত,সারা দেশে লোকসভা এবং বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ২০২২ সালের এপ্রিল মাসের পর পেট্রোপণ্যের দাম বাড়ায় নি কেন্দ্রীয় সরকার, এমনকি ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা ভোটের আগে তেলের দাম লিটার পিছু ২ টাকা কমানো হয়েছিল। পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যেও গত ১১ মাসে দেশের খুচরো বাজারে পেট্রল-ডিজ়েলের দামে কোনও হেরফের হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোট (Assembly Election 2026) শেষ হতেই এক লাফে গড়ে ৩টাকা করে দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে। উল্লেখ্য, তেল আমদানি এবং উত্তোলনের খরচ ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লোকসান এড়াতে ক্রমাগত তেলের দামবৃদ্ধির আর্জি জানাচ্ছিল সরকারকে।কিন্তু ভোটের আগে দাম বাড়িয়ে কোনও বাড়তি ঝুঁকি নিতে চায় নি সরকার। তবে ভোট মিটতেই মাথায় হাত মধ্যবিত্তের। আজ থেকে কলকাতায় পেট্রোলের দাম হলো লিটার পিছু ৩ টাকা ২৯ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৪ পয়সা হল। ডিজেলের দাম লিটার পিছু ৮৭.৬০ টাকা থেকে তিন টাকা বেড়ে ৯০.৬৭ টাকা হল। সেই সঙ্গে দিল্লিতে পেট্রোলের দাম হল ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেলের মূল্য বেড়ে হলো ৯০.৬৭ টাকা। মুম্বই এবং চেন্নাইতে পেট্রোলের বর্ধিত দাম হলো যথাক্রমে ১০৬ টাকা ৬৮ পয়সা এবং ১০৩ টাকা ৬৭ পয়সা। তবে মূল্যবৃদ্ধির নিরিখে সমস্ত শহরকে ছাপিয়ে গিয়েছে হায়দ্রাবাদ। সেখানে লিটার প্রতি তিন টাকা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১০ টাকা ৮৯ পয়সাতে। আবার ডিজেলের দামে সবার আগে রয়েছে তিরুবনন্তপুরম। সেখানে লিটারে ৩ টাকা ৩৭ পয়সা বেড়ে ডিজেলের দাম হলো ৯৯.৬৩ টাকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে তৈরী হয়েছে জ্বালানি সংকট। তাই দেশবাসীকে ‘কৃচ্ছ্রসাধনের’ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সাশ্রয় করতে ‘ওয়ার্ক ফর্ম হোম’ এর অনুরোধও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অতি সম্প্রতি রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রয়োজন হলে তিনিও সপ্তাহে ১-২ দিন পাবলিক বাসে করেই নিজের দপ্তরে যাবেন।নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদী। একই পথে হেঁটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই আবহে আজ বাড়লো পেট্রোল-ডিজেলের দাম এবং আজ থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে সেই বর্ধিত দাম। আগামীতে কি তবে মহার্ঘ হবে নিত্যপ্রয়োজনীয় জিনিস ? উত্তর দেবে সময়ই।



