‘এবার ২৫০টিরও বেশী আসন নিয়ে ক্ষমতার আসবে তৃণমূল’-মদন মিত্র
কামারহাটীতে মদন মিত্রের হয়ে মেগা প্রচারে বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, তারকা সাংসদ দেব। মানুষ মমতা ব্যানার্জীকে ৪র্থ বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন,দাবী মদন মিত্রের
নিজস্ব সংবাদদাতা : আর মাত্র কদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চৈত্রের দাবদাহ উপেক্ষা করে প্রচারে কোনোরকম খামতি রাখছেন না কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই। প্রত্যেকটি দলের প্রার্থীদের হয়ে বিভিন্ন কেন্দ্রে প্রচারে সামিল হতে দেখা যাচ্ছে দলীয় সহকর্মীদের,কোথাও বর্ষীয়ান নেতৃত্ব তো কোথাও আবার তারকা নেতৃত্ব। এদিন যেমন কামারহাটীর তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে মেগা প্রচারে অংশ নিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। ঢাকের বাদ্যি,মাদলের তালে আদিবাসী নৃত্যের পাশাপাশি সুসজ্জিত নৃত্যশিল্পীরা পা মেলালেন মদন মিত্রের বর্ণাঢ্য প্রচার যাত্রায়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কামারহাটীর মদন মিত্রের এদিনের নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, অভিনেতা সাংসদ দেব, কামারহাটী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। হুড খোলা গাড়িতে রোড শোয়ে মদন মিত্রের পাশে অভিনেতা দেবকে চাক্ষুস করতে রাস্তার দু`ধারে ভীড় জমান সাধারণ মানুষ। সকলের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় ঘাটালের তারকা সাংসদকে। প্রচার যাত্রায় তারকা সাংসদের উপস্থিতির কারনে ছিলো কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। তুমুল উৎসাহিত কর্মী-সমর্থকদের স্লোগানে মুখরিত এই প্রচার যাত্রা কামারহাটীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যয়ী মদন মিত্রের দাবী, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪র্থ বারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন, এবার ২৫০টিরও বেশী আসন নিয়ে ক্ষমতার আসবে তৃণমূল। পাশাপাশি বিজেপিকে নিশানা করে মদন মিত্রের কটাক্ষ,এই রোদে না বেরিয়ে বাড়িতে থাকুন, শরীরের যত্ন নিন,পরিবারের যত্ন নিন,গণতন্ত্রে যা দেখার আমরাই দেখব।


