ভোটগণনা কেন্দ্রে বেআইনি প্রবেশ আটকাতে আরও কঠিন পদক্ষেপ নির্বাচন কমিশনের! পরিচয়পত্রে থাকবে কিউআর কোড!
গণনাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে এবার থেকে তিন স্তরের নিরাপত্তা (Three-tier security) ব্যবস্থা থাকবে। কমিশন জানিয়েছে, গণনাকেন্দ্রে ঢোকার আগে তিন স্তরের যাচাইকরণের মধ্যে দিয়ে যেতে হবে ভোটকর্মীদের। প্রথম ও দ্বিতীয় স্তরের ক্ষেত্রে এখানে রিটার্নিং অফিসারের (RO) দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্রগুলি হাতেকলমে পরীক্ষা করা হবে। তৃতীয় স্তরে গণনা হলের একদম কাছের এই শেষ নিরাপত্তা বলয়ে ঢোকার জন্য কিউআর কোড স্ক্যান করা আবশ্যিক।
নিজস্ব সংবাদদাতা : আগামী ৪ মে ভোটগণনা। আর এই গণনা প্রক্রিয়াকে পুরোপুরি স্বচ্ছ এবং সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। কোনও ভাবেই যাতে অনুমোদনহীন কোনও ব্যক্তি গণনাকেন্দ্রের আশেপাশেও ঘেঁষতে না পারেন, তার জন্য এবার চালু হচ্ছে কিউআর কোড (QR Code) ভিত্তিক ছবিযুক্ত পরিচয়পত্র।
গণনাকেন্দ্রে যাদের ঢোকার অনুমতি আছে, তাদের জন্য আলাদা পরিচয়পত্র (আইডি কার্ড) থাকে। এবার সেই পরিচয়পত্রের সঙ্গে থাকবে কিউআর কোড। ওই কোড স্ক্যান করেই খতিয়ে দেখা হবে নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া অনুমতিপত্র।
গণনাকেন্দ্রে ঢোকার ক্ষেত্রে এবার থেকে তিন স্তরের নিরাপত্তা (Three-tier security) ব্যবস্থা থাকবে। কমিশন জানিয়েছে, গণনাকেন্দ্রে ঢোকার আগে তিন স্তরের যাচাইকরণের মধ্যে দিয়ে যেতে হবে ভোটকর্মীদের। প্রথম ও দ্বিতীয় স্তরের ক্ষেত্রে এখানে রিটার্নিং অফিসারের (RO) দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্রগুলি হাতেকলমে পরীক্ষা করা হবে। তৃতীয় স্তরে গণনা হলের একদম কাছের এই শেষ নিরাপত্তা বলয়ে ঢোকার জন্য কিউআর কোড স্ক্যান করা আবশ্যিক। সফলভাবে স্ক্যান হলেই ভেতরে যাওয়ার অনুমতি পাওয়া যাবে।
ইভিএম, স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ওই সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কমিশন সূত্রে খবর, প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য কমপক্ষে ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।



