গেরুয়া ঝড়ের মধ্যেও দলীয়কর্মীদের ধৈর্য ধরার বার্তা তৃণমূল সুপ্রিমো মমতার, জানালেন ‘জয় হবে আমাদেরই’
দলের নেতা-কর্মীদের উৎসাহিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন।তিনি বলেন, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।
নিজস্ব সংবাদদাতা : আজ মহারণের ফলাফল। সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গণনার যে প্রাথমিক ফলাফল তাতে দেখা যাচ্ছে বিজেপি ১৯০ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস একশোর কম আসনে বর্তমানে এগিয়ে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে, দলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের মনোবল ধরে রাখার কথা বলেছেন, তাঁদেরকে কোনোভাবেই ভেঙে না পড়ার জন্য অনুরোধ করেছেন। মমতা ব্যানার্জী আগে থেকেই ধারণা দিয়েছিলেন যে, নির্বাচনের শুরুতে বিজেপি এগিয়ে থাকবে। সেই কারণে তিনি দলের সকল সদস্যকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত জয় তৃণমূল কংগ্রেসেরই হবে।
যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিও বার্তাটি দেন, সেই সময় বিজেপি প্রায় ১৯৪টি আসনে এগিয়ে এবং তৃণমূল কংগ্রেস ৯১টি আসনে এগিয়ে ছিল। এই ব্যবধান প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা আসলে বিজেপির একটি পরিকল্পনা। প্রথম দুই-তিন রাউন্ডে তারা তাদের নিজেদের ভোটগুলিকে আগে দেখাচ্ছে, এবং আমাদের ভোটগুলি পরে দেখাচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে দুই-তিন রাউন্ড গণনা হওয়ার পরেই প্রায় ১০০টি কেন্দ্রের ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কল্যাণীর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে সাতটি মেশিন ধরা পড়েছে যেগুলোর মধ্যে কোনো প্রকারের মিল পাওয়া যায়নি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই কাজ জোর করে করানো হচ্ছে। তিনি আরও বলেন, চারদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে এবং জোর করে দখল করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো পর্যন্ত আমরা যে আসনগুলোতে এগিয়ে আছি, সেগুলোর খবর প্রকাশ করা হচ্ছে না এবং মিথ্যা খবর পরিবেশন করা হচ্ছে।”
এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের উৎসাহিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। তিনি বলেন, মন খারাপ করার কোনো কারণ নেই। তিনি আগেই বলেছিলেন যে, সূর্যাস্তের পরে আপনারাই জয়ী হবেন। তার মতে, এখন তো মাত্র তিন-চার রাউন্ড গণনা হয়েছে, যেখানে সাধারণত ১৮-১৯ রাউন্ড পর্যন্ত গণনা হয়ে থাকে। তাই তিনি সবাইকে অপেক্ষা করতে বলেন এবং কারোকে ভয় না পাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।



