সুজনের উপস্থিতিতে ISCতে প্রথম অনুষ্কা ঘোষ জানালো, সে বাম পন্থায় বিশ্বাসী
ISCতে প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষের ব্যারাকপুরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন বাম নেতা সুজন চক্রবর্তী, সাথে ছিলেন সৃজন ভট্টাচার্য্য,কলতান দাশগুপ্ত, গার্গী চ্যাটার্জী
নিজস্ব সংবাদদাতা : ৩০শে এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ২০২৬-এর আইসিএসই (ICSE) ও আইএসসি`র(ISC) ফলাফল। আর ফল ঘোষণা হতেই দেখা যায় আইএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে পূর্ণমান অর্থাৎ ৫০০`র মধ্যে ৫০০ পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে সোদপুরের (Sodepur) সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পড়ুয়া অনুষ্কা ঘোষ। উল্লেখ্য, ICSEতেও দেশের মধ্যে সে প্রথম হয়েছিলো। তার লেখাপড়ার ভবিষ্যত পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের কথা জানতে চাওয়া হলে অনুষ্কা জানায়, ভবিষ্যতে সে এরোস্পেস ইঞ্জিনিয়ার হতে চায়। পাশাপাশি জানায়, সে বাম পন্থায় (CPIM) বিশ্বাসী, `দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয়, তাহলে রাজনীতি করবো`।
এরপরেই এদিন ISC তে দেশের প্রথম অনুষ্কার ব্যারাকপুর আনন্দপুরীর বাড়িতে যান রাজ্যের বাম নেতৃত্বরা। অনুষ্কাকে শুভেচ্ছা জানাতে এদিন বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সাথে উপস্থিত ছিলেন সৃজন ভট্টাচার্য্য (Srijan Bhattacharya) ,কলতান দাশগুপ্ত (kalatan Dasgupta) ,গার্গী চ্যাটার্জী (Gargi Chatterjee) প্রমুখ নেতৃত্ব। অনুষ্কাকে পুষ্প স্তবক এবং বই উপহার দেন তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী জানান,”ও আরো অনেক বড়ো হোক, ভালো হোক, নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবার, বন্ধুবান্ধব এবং সমাজের কথা যে ওদের মতো ছেলেমেয়েরা ভাবছে এটাই সবচেয়ে বড়ো কথা।” SFI`র সর্ব ভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য্য জানান, “ও আমাদের বাংলার গর্ব, গোটা দেশের গর্ব।” DYFI`র সর্ব ভারতীয় নেতৃত্ব তথা পানিহাটী বিধানসভা কেন্দ্রের CPIM প্রার্থী কলতান দাশগুপ্ত জানান, “অনুষ্কাদের মতো আরো বেশী ছেলেমেয়েরা ভালো করে পড়াশুনো করে সমাজের কাজে লাগুক এটাই আমরা চাই।”


