পশ্চিমবঙ্গ

পৌরসভায় নতুন বিধায়ক, ভোটের আগেই TMC র হাতছাড়া হচ্ছে ব্যারাকপুর পৌরসভা ?

নব নির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচী জানান, পৌরপ্রধান সহ গোটা তৃণমূল বোর্ড ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি তাদের ইচ্ছার কথা জেনে গেলেন, পরবর্তীতে কি হবে, শপথ গ্রহণের পর সেটা স্থির করবে নব নির্বাচিত সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দেন, টিটাগড় পৌরসভাতেও একই পরিস্থিতি তৈরী হয়েছে

নিজস্ব সংবাদদাতা :  ব্যারাকপুর শিল্পাঞ্চলে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ১৪টি আসনের মধ্যে শুধু কামারহাটী বিধানসভায় জয় পেয়েছে রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দল। আর ব্যারাকপুর লোকসভা এলাকার ৭টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি, বাদ নেই ব্যারাকপুর বিধানসভাও। এ আসনে রূপালী পর্দার রাজ চক্রবর্তীকে ১৫হাজার ৮২২ ভোটে পরাস্ত করেছেন বিজেপির কৌস্তভ বাগচী। আর ফল বার হবার পরেও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি, আর সেই কাজের ফাঁকেই এদিন তিনি পৌঁছে গেলেন ব্যারাকপুর পৌরসভায়। ২০১৩ সালের পর থেকে যে পৌরসভায় একছত্র রাজত্ব চালিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। নতুন বিধায়ককে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বহু পৌর প্রতিনিধি। শুরুতেই নতুন বিধায়ককে উত্তরীয়, ফুলে বরণ করে নেন পৌরপ্রধান। এরপর পৌরপ্রধানের ঘরেই দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
বৈঠক থেকে বার হয়ে এসে নব নির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচী জানান, পৌরপ্রধান সহ গোটা তৃণমূল বোর্ড ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি তাদের ইচ্ছার কথা জেনে গেলেন, পরবর্তীতে কি হবে, শপথ গ্রহণের পর সেটা স্থির করবে নব নির্বাচিত সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দেন, টিটাগড় পৌরসভাতেও একই পরিস্থিতি তৈরী হয়েছে। আর ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস জানালেন নতুন বিধায়ক সৌজন্য সাক্ষাতে এসেছিলেন, তবে ইস্তফার বিষয়ে কোন সিদ্ধান্ত হয় নি।
নব নির্বাচিত বিধায়কের পৌরসভায় উপস্থিতি, উত্তরীয়, ফুলে তাঁকে বরণ করে নেয়া, এসবই কি ইঙ্গিত দিচ্ছে, যে দীর্ঘ ১৩ বছর পর ব্যারাকপুর পৌরসভা থেকে বিদায় নিতে চলেছে তৃণমূল বোর্ড। উত্তর দেবে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *