রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুই, কাল ব্রিগেডে শপথগ্রহন
আজ শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে আলোচনার পর শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে মনোনীত করেছেন। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
নিজস্ব সংবাদদাতা : সমস্ত জল্পনার অবসান, শেষ পর্যন্ত জানা গেলো কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সরকার গঠিত হতে চলেছে এবং শুভেন্দু অধিকারী হতে চলেছেন সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ গ্রহণ করবেন।
আজ শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে আলোচনার পর শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে মনোনীত করেছেন। শাসকদলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে, বাংলায় কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে অনেক জল্পনা চলছিল এবং বিভিন্ন নামের প্রস্তাবনা ছিল। শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত এবং উৎপল মহারাজের মতো নেতারাও এই পদের জন্য বিবেচিত হচ্ছিলেন, তবে শুভেন্দু অধিকারী ছিলেন এই দৌড়ে সবচেয়ে এগিয়ে। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই মনে করা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী পদের জন্য তিনিই সবচেয়ে যোগ্য। এর প্রধান কারণ হলো, তিনি পরপর দুবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্বাচনী লড়াইয়ে পরাজিত করেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারী তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন।
পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে নির্বাচনের ফলাফলে পরাজিত হওয়ার পরেও মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নেননি। বরং তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে তাঁর দল নির্বাচনে পরাজিত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে নির্বাচনে কারচুপি ও ভোট লুট করে তাঁদের জোর করে হারানো হয়েছে। ফলস্বরূপ, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার পর্যন্ত রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সরাসরি রাজ্যপালের তত্ত্বাবধানে চলে গেছে। এই প্রেক্ষাপটে, সকল জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার হয়ে গেলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই আগামী পাঁচ বছর নির্বাচিত বিজেপি সরকার রাজ্য পরিচালনা করবে।



