ভাঙড়ে ‘আক্রান্ত’ ISF, অভিযুক্ত TMC ! উত্তেজনা এলাকায়
এদিন ফল ঘোষণার পর ভাঙড়ের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের মারধর করার অভিযোগ উঠেছে আইএসএফ ও বিজেপির বিরুদ্ধে। এবার অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকে।
৭এ নিউজ ডেস্ক: ২০২৬’র ভোটযুদ্ধ শেষ হয়েছে। রাজ্যে ঘটেছে পালাবদল। তবে পরিবর্তন নেই ভাঙড়ের (Bhangar)। ফের রাজনৈতিক সন্ত্রাসের জেরে উত্তেজনা ছড়ালো সেখানে। এক আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল (TMC)_ নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দোনেশ্বর থানার অধীনস্থ শকুন্তলা গ্রামে। আক্রান্ত আইএসএফ কর্মীর নাম শেখ মফিজুল।প্রসঙ্গত, এদিন ফল ঘোষণার পর ভাঙড়ের একাধিক জায়গায় স্থানীয় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, তাদের মারধর করার অভিযোগ উঠেছে আইএসএফ ও বিজেপির বিরুদ্ধে। এবার অভিযোগের তীর ঘাসফুল শিবিরের দিকে। আহত আইএসএফ কর্মী জানিয়েছেন আগে তিনিও তৃণমূল করতেন। কিন্তু তাঁর দাবি, পরবর্তীতে একাধিক দুর্নীতির সঙ্গে নাম জড়াতে থাকে সেই দলের।এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে এলাকায় চলতো অসাধু কারবার, পুলিশকে ঘুষ খাইয়ে গুণ্ডারাজও চালাতো তৃণমূল কর্মীরা। তাই ২০২১ এ আইএসএফে যোগ দেন তিনি। আর সেই আইএসএফ করার অপরাধেই তাঁর ওপর হামলা চালিয়েছে তৃণমূল নেতা আকমান শেখ ও তাঁর অনুগামীরা – এমনটাই অভিযোগ শেখ মফিজুলের।অতর্কিতে হামলার পর আহত মফিজুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে পুলিশের দ্বারস্থ হয়েছে আইএসএফ শিবির। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দোনেশ্বর থানার পুলিশ। উল্লেখ্য, ভাঙড়ে জয়ী হয়েছেন আইএসএফের নৌশাদ সিদ্দিকী। আর সেই জয়ের দিনই আক্রান্ত তাঁর দলের কর্মী। হামলার ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। থমথমে রয়েছে এলাকা। ঘটনার সঠিক বিচার না হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ।



