শুভেন্দুর হাত ধরে মূলস্রোতে দয়মন্তি, পেলেন মহিলা সুরক্ষার বড় দায়িত্ব
রাজ্যে দীর্ঘদিন ধরে ঘটে আসা নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিটির সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন।
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাত ধরে ফের মূলস্রোতে আইপিএস দয়মন্তি সেন। রাজ্যে দীর্ঘদিন ধরে ঘটে আসা নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিভিন্ন ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কমিটির সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। বিগত কয়েক বছরে নারীদের ওপর ঘটে যাওয়া বিভিন্ন অত্যাচারের ঘটনা বিশেষভাবে খতিয়ে দেখবে এই কমিশন এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে, নারী ও শিশুদের ওপর হওয়া নারকীয় অত্যাচারের তদন্তের স্বার্থে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শুধুমাত্র জনশুনানির মাধ্যমে নয়, বরং থানায় গিয়েও অভিযোগ গ্রহণ করবে। তবে, বিশেষভাবে চিহ্নিত কিছু মামলা ব্যতীত অন্যান্য সকল প্রকার মামলা এই কমিটি দেখবে। এমনকি, প্রয়োজন অনুযায়ী পূর্বে দাখিল করা ফাইনাল রিপোর্টও খতিয়ে দেখার ক্ষমতা রাখবে এই কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে দময়ন্তী সেনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, মেধাবী আইপিএস অফিসার দময়ন্তী সেন ছিলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট সিপি (ক্রাইম)। কিন্তু ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার সত্য উদঘাটন করার পর থেকেই তৎকালীন তৃণমূল সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে, যা তিক্ততার রূপ নেয়। ফলস্বরূপ, ঘটনার অল্প সময়ের মধ্যেই লালবাজারের ক্রাইম ব্রাঞ্চ থেকে সরিয়ে তাঁকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে বদলি করা হয়। পার্কস্ট্রিট মামলার পর থেকে দময়ন্তী সেনকে আর তেমন কোনো বড় মামলায় দেখা যায়নি। এরপর অনেক বছর কেটে যায় এবং ২০২৩ সালে তাঁকে কলকাতা পুলিশ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে নিযুক্ত করা হয়। বর্তমানে রাজ্য পুলিশের এডিজি আইজিপি পদমর্যাদায় এই দক্ষ অফিসার প্রচারের আলো থেকে দূরে ছিলেন। নতুন সরকার গঠিত হওয়ার পরেই বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই দময়ন্তী সেনকে গুরুত্বপূর্ণ একটি কমিটিতে নিয়ে এসেছেন। রাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত কমিটিতে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। নবান্ন সূত্রের খবর অনুযায়ী , আগামী পয়লা জুন থেকে এই কমিটি তাদের কাজ শুরু করবে।



