ICSE ও ISC`তে আবারও দেশের সেরা সোদপুর সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ারা
প্রকাশিত হলো ICSE ও ISC`র ফলাফল,ফের সর্ব ভারতীয় ক্ষেত্রে বাজিমাত করলো সোদপুর সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৩০শে এপ্রিল প্রকাশিত হলো ২০২৬-এর আইসিএসই (ICSE) ও আইএসসি`র(ISC) ফলাফল। আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। দশমে এবং দ্বাদশে অর্থাৎ আইসিএসই এবং আইএসসি দু’টি ক্ষেত্রেই পাশের শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তবে উভয় ক্ষেত্রেই মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যাই বেশি ছিল। চলতি বছরের ICSE পরীক্ষা শেষের ৩০ দিনের মাথায় এবং ISC পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হলো। আর গত প্রায় ১৬ বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সাফল্য বজায় রাখলো সোদপুরের সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন। এদিন ICSE এবং ISC`র ফলাফল প্রকাশিত হবার পর ২টি পরীক্ষাতেই পড়ুয়াদের সাফাল্যের তালিকা তুলে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা দ্যুতিমান ব্যানার্জী।
আইএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে পূর্ণমান অর্থাৎ ৫০০`র মধ্যে ৫০০ পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অনুষ্কা ঘোষ। ব্যারাকপুর আনন্দপুরীর বাসিন্দা অনুষ্কা ICSEতেও দেশের মধ্যে প্রথম হয়েছিলো। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় তবে কবিতা এবং গল্প লেখার অভ্যেসটা কখনোই করতে পারবে না অনুষ্কা। আইএসসিতে ৯৯.৭৫% নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ২য় স্থানাধিকার করেছে বেলঘরিয়ার বাসিন্দা মেঘাত্যয় সাহা এবং জিজ্ঞা সাধু। ফল প্রকাশের পর তাদের দাবী, এই সাফল্যের পিছনে বাবা-মা এবং স্কুলের ভূমিকা অনস্বীকার্য।
পাশাপাশি ICSE পরীক্ষাতেও এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ৯৯.০৬% নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে ২য় স্থানাধিকারী সোদপুরের দক্ষিণ পানশিলার বাসিন্দা অঙ্কন দত্ত। ভবিষ্যতে ডাক্তার হতে চায় অঙ্কন। ৯৯.০৪% নম্বর পেয়ে সর্ব ভারতীয় ক্ষেত্রে তৃতীয় হয়েছে সৌমেন্দ্যু চক্রবর্তী। আগরপাড়া পশ্চিমপল্লীর বাসিন্দা সৌমেন্দ্যুও ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সাহিত্যের অনুরাগী সৌমেন্দ্যুর প্রিয় সাহিত্যিক সত্যজিৎ রায়। অভিভাবক-অভিভাবিকরা তো বটেই পড়ুয়াদের এই সাফল্যে আপ্লুত শিক্ষক-শিক্ষিকাও। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আশীর্বাদ করে তারা জানান, এতো ভালো ফল ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে।



