ডোমকলে ভোলবদল! ভোটের মুখে TMC ছেড়ে CPIM-এ ৪০০ পরিবার
এদিন ডোমকল বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে রানার উপস্থিতিতে ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি এনামুল মালিথা ওরফে বাবুর নেতৃত্বে লাল পতাকা হাতে তুলে নিলো ৪০০ টি পরিবার। তবে দলবদলেই শেষ হয়নি এদিনের ঘটনা। পরে মিছিল করে স্থানীয় তৃণমূল কার্য্যালয়ে গিয়ে সেখানে নিজেদের পতাকা লাগিয়ে দেন বাম কর্মীরা এবং দখল নেন সেই পার্টি অফিসের।
নিজস্ব সংবাদদাতা: ডোমকলে (Domkal) ভোলবদল। ভোটের মুখে শাসক দল ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগ দিলো ৪০০ পরিবার। সেই সঙ্গে স্থানীয় তৃণমূল (TMC) কার্যালয়ের দখলও নিয়েছেন বাম কর্মীরা। প্রসঙ্গত, ভোটবঙ্গে দলবদলের ছবি নতুন নয়। আর সেই দলত্যাগ নিয়ে কখনো সখনো আবার উত্তাল হয় রাজ্য-রাজনীতি। এবার পালাবদল মুর্শিদাবাদে। এদিন ডোমকল বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে রানার উপস্থিতিতে ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি এনামুল মালিথা ওরফে বাবুর নেতৃত্বে লাল পতাকা হাতে তুলে নিলো ৪০০ টি পরিবার। তবে দলবদলেই শেষ হয়নি এদিনের ঘটনা। পরে মিছিল করে স্থানীয় তৃণমূল কার্য্যালয়ে গিয়ে সেখানে নিজেদের পতাকা লাগিয়ে দেন বাম কর্মীরা এবং দখল নেন সেই পার্টি অফিসের। ভোটের আবহে কার্যালয় হাতছাড়া হওয়া ঘাসফুল শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করেন ডোমকলের বাম প্রার্থী। সেই সঙ্গে জয়ের বিষয়েও যথেষ্ট প্রত্যয়ী তিনি।
অন্যদিকে দলবদল ও পার্টি অফিস দখলের ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ ডোমকল শহর তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, দুর্নীতি ও দলবিরোধী কাজ করার অভিযোগে এনামুলকে অনেক আগেই ওয়ার্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি যে পার্টি অফিস দখলদারির ঘটনা প্রকাশ্যে এসেছে সেটি নাকি এনামুলের নিজের বাড়িতে রয়েছে। তিনি সভাপতি পদ খোয়ানোর পর থেকে ঘাসফুল শিবিরের স্থানীয় নেতা-কর্মীরা সেখানে আর বসতেন না।তাই কার্যালয় দখলের ঘটনা নিয়ে কোনোভাবেই ভাবিত নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের মুখে এদিনের ঘটনার পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
ডোমকল মূলত বামেদের শক্ত ঘাঁটি। তবে ২০২১’র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র যায় ঘাসফুল শিবিরের দখলে। আসন্ন নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। আর এবারও মুস্তাফিজুর রহমানের ওপরই ভরসা রেখেছে সিপিআইএম। নির্বাচনের মুখে দলবদল ও তৃণমূল কার্যালয় দখলের ঘটনা কি প্রভাব ফেলবে ভোটবাক্সে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে।



