পশ্চিমবঙ্গ

মাধ্যমিকে দুই ২৪ পরগণার জয়জয়কার, কৃতীদের সাফল্যের ‘সিক্রেট’ কী?

মেধাতালিকায় স্থান পেয়েছে দুই ২৪ পরগনার ছাত্রছাত্রীরাও। একদিকে উত্তর ২৪ পরগণার খড়দহের রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত গোস্বামী ষষ্ঠ স্থান অধিকার করেছে। সেই সঙ্গে ওই একই জেলা থেকে মেধা তালিকায় জায়গা পাকা করেছে নৈহাটী কাত্যায়নী গার্লস হাইস্কুলের ছাত্রী সৃজা ব্যানার্জী। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯২ এবং সৃজা পেয়েছে ৬৯১।

৭এ নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ২০২৬’র মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) ফল। প্রতিবারের মতো এবারও সাংবাদিক বৈঠক করে প্রথম দশের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। আর সেই তালিকায় এবছরও জেলার ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। মেধাতালিকায় স্থান পেয়েছে দুই ২৪ পরগনার ছাত্রছাত্রীরাও। একদিকে উত্তর ২৪ পরগণার খড়দহের (Khardaha) রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত গোস্বামী ষষ্ঠ স্থান অধিকার করেছে। সেই সঙ্গে ওই একই জেলা থেকে মেধা তালিকায় জায়গা পাকা করেছে নৈহাটী (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুলের ছাত্রী সৃজা ব্যানার্জী। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯২ এবং সৃজা পেয়েছে ৬৯১।সূত্রের খবর, কাত্যায়নী গার্লস হাইস্কুল থেকে এবছর মোট ১৮৬ জন পরীক্ষা দিয়েছিল। প্রত্যেকেই ভালো ফল করেছে পরীক্ষায়। আর তার মধ্যে সৃজার সাফল্যে আরও গর্বিত বিদ্যালয়ের শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, সৃজা বরাবরই মেধাবী ছাত্রী। ক্লাস ফাইভে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সে ক্লাসে প্রথম হয়েছে। আর মাধ্যমিকেও স্কুলের মুখ উজ্জ্বল করলো সে। আর মেয়ের সাফল্যে উচ্ছসিত সৃজার বাবা-মাও। অন্যদিকে এবারও মাধ্যমিকের মেধা তালিকায় জয়জয়কার দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের। এবছরের প্রথম দশের তালিকায় মোট ১৩১ জন পড়ুয়া রয়েছে। আর তার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের সংখ্যা ৭। স্কুলের শিক্ষার্থীদের সাফল্য দলগত চেষ্টার প্রতিফলন। জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক – স্বামী ইষ্টেশানন্দ মহারাজ।
প্রসঙ্গত, এই বিদ্যালয় থেকে গোটা রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে সৌর জানা।তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৫। ৬৯৩ নম্বর পেয়ে পঞ্চম হয়েছে সমন্তক কুণ্ডু। সপ্তম স্থানাধিকারী সমজ্যোতি দাস। সে পেয়েছে ৬৯১। ৬৯০ পেয়ে যুগ্মভাবে অষ্টম স্থান পেয়েছে জীবিতেশ কায়াল ও সৌম্যকান্ত কুইল্যা। এছাড়াও নবম স্থানে রয়েছে ঐশিক চক্রবর্তী,তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯ এবং ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগ মন্ডল। ভালো ফলের আশা ছিলই। তবে তৃতীয় হয়ে আলাদা অনুভূতি হচ্ছে। জানালো মাধ্যমিকে তৃতীয় সৌর জানা।
উল্লেখ্য, ২০২৬ এ মাধ্যমিক পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল ৯,৭১,৬২৫ জন।তবে শেষমেশ পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। ছাত্র সংখ্যা ছিল ৪ লক্ষ ২৩ হাজার ১০৩ জন এবং ৫ লক্ষ ৩০ হাজার ৬৫০ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে।পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে কালিম্পঙ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সবমিলিয়ে ঘন্টা মেপে পড়ার থেকে মন দিয়ে পড়া এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর মতো পাঠ্যক্রম বহিৰ্ভূত শিক্ষাতেও নিযুক্ত থাকা ছিল কৃতীদের সাফল্যের ‘সিক্রেট।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *