টলিউডে নক্ষত্রপতন ! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
বিপ্লব দাশগুপ্ত দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ নামক একটি ছবিতে তিনি তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। শুধু তাই নয়, মহানায়ক উত্তম কুমার এবং তাঁর ভাই তরুণ কুমারের সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব ছিল। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটির প্রয়াণে তাঁর অনুরাগী এবং সহকর্মীরা গভীরভাবে শোকাহত।
নিজস্ব সংবাদদাতা : প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার দুপুরে বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৭৫ বছর। স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, তিনি ‘অটোইমিউন ডিজ়িজ়’-এ ভুগছিলেন, দেড় বছর ধরে শারীরিক অবস্থা ক্ষীণ ছিল। পারিবারিক সূত্রে খবর, গত দেড় বছর ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল।
বিপ্লব দাশগুপ্ত দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ নামক একটি ছবিতে তিনি তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন। শুধু তাই নয়, মহানায়ক উত্তম কুমার এবং তাঁর ভাই তরুণ কুমারের সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব ছিল। এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটির প্রয়াণে তাঁর অনুরাগী এবং সহকর্মীরা গভীরভাবে শোকাহত।
সিনেমা থেকে শুরু করে টেলিভিশন—দুটি মাধ্যমেই তিনি ছিলেন সাবলীল। ২০০৪ সালে ‘শ্যাডোজ় অফ টাইম’ ছবির মাধ্যমে তিনি রূপোলি পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন। এরপর দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’ অথবা ‘ফেলুদা’র মতো একাধিক ছবিতে তিনি নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের সঙ্গে তার অভিনয় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বিপ্লব দাশগুপ্ত বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার দর্শকদের কাছেও ছিলেন একজন অত্যন্ত জনপ্রিয় মুখ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি তাঁর কর্মজীবনের শুরুতে একজন স্কুল শিক্ষক ছিলেন। তবে তাঁর শিল্পীমন তাঁকে বারবার সৃজনশীল কাজের দিকে আকৃষ্ট করেছে। বাচিকশিল্পী হিসেবে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ভয়েস-ওভার এবং বিজ্ঞাপনের জগতেও তিনি ছিলেন সুপরিচিত।
বিপ্লব দাশগুপ্তের প্রয়াণে সমগ্র সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। টলিউড এবং নাট্যজগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলার শিল্পকলা জগৎ তার এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।