খেলা-মেলা করে টাকা উড়িয়েছে: বিস্ফোরক উঃ দমদম পৌরসভার অস্থায়ী কর্মীরা
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিজেদের কাজ বন্ধ রেখে পৌরসভার গেটে তালা দিয়ে গেটের বাইরে নিজেদের হকের দাবিতে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। পৌরপ্রধান বিধান বিশ্বাসের নামে মুহুর্মুহ ওঠে ধিক্কার স্লোগান। সেই সঙ্গে চেয়ারম্যান বিক্ষোভকারীদের দাবি প্রসঙ্গে তাদের নিয়ে অবিলম্বে আলোচনায় না বসলে পৌরসভার গেটের সামনে করা অবরোধ ও অবস্থান-বিক্ষোভ থেকে তারা সরবেন না। স্পষ্ট বক্তব্য অস্থায়ী কর্মীদের।
৭এ নিউজ ডেস্ক: হুঁশিয়ারি ছিলোই। আর সেই মতোই আবারো অবস্থান-বিক্ষোভের পথে হাঁটলেন উত্তর-দমদম পৌরসভার (Uttar- Dumdum Municipality) অস্থায়ী কর্মীরা। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই দৈনিক মজুরিভিত্তিক কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি, অস্থায়ী কর্মীদের বেতন মাসের ৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন বহু পৌরকর্মীরা। আর তাদের আন্দোলনের সঙ্গী হয়েছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় এবং বাম (CPIM) নেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। সেই সময় দীপ্সিতা জানিয়েছিলেন আগামীতেও রাস্তাতেই জারি থাকবে তাদের লড়াই। আর সেই রাস্তাকে আবারো প্রতিবাদের পথ হিসেবে বেছে নিলেন উত্তর-দমদম পুরসভার অস্থায়ী কর্মীরা। এবার তাদের দাবি, বেতন বৃদ্ধি এবং মাসের ৫ তারিখের মধ্যে পূর্ণ বেতন প্রদান। সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিও তোলা হয়েছে এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিজেদের কাজ বন্ধ রেখে পৌরসভার গেটে তালা দিয়ে গেটের বাইরে নিজেদের হকের দাবিতে সরব হয়েছেন অস্থায়ী কর্মীরা। পৌরপ্রধান বিধান বিশ্বাসের নামে মুহুর্মুহ ওঠে ধিক্কার স্লোগান। সেই সঙ্গে চেয়ারম্যান বিক্ষোভকারীদের দাবি প্রসঙ্গে তাদের নিয়ে অবিলম্বে আলোচনায় না বসলে পৌরসভার গেটের সামনে করা অবরোধ ও অবস্থান-বিক্ষোভ থেকে তারা সরবেন না। স্পষ্ট বক্তব্য অস্থায়ী কর্মীদের।
পাশাপাশি তাদের অভিযোগ, বিগত ১৫ বছর ধরে তারা ঠিকঠাক বেতন পান না। কাউন্সিলরদের বেতন দ্বিগুন হলেও তাদের কোনো বেতন বৃদ্ধি নেই। তৃণমূল (TMC) সরকার, সর্বোপরি স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক বিক্ষোভকারী জানালেন,”পৌরপ্রধান বলছে ফান্ডে টাকা নেই। কেন থাকবে না? ৩ কোটি টাকা নিয়ে এসেছে। সব লারে লাপ্পা গান আর খেলা-মেলা করে কাটিয়েছে। চেয়ারম্যানকে সশরীরে আসতে হবে ও আমাদের দাবি মানতে হবে। ”
বঙ্গে বিজেপি সরকার আসতেই রাজ্যের একাধিক পৌরসভার টালমাটাল অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন পৌরকর্মীরা। আর এদিন সেই প্রতিবাদের আঁচ পড়লো উত্তর দমদম পৌরসভাতেও। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ অন্যান্য পৌর পরিষেবা। কবে কাটবে এই অচলাবস্থা ? উত্তর দেবে সময়ই।