তোলাবাজির অভিযোগে পুলিশের জালে পানিহাটীর তৃণমূল কাউন্সিলর
অবৈধ নির্মাণে যুক্ত থাকা, তোলাবাজী সহ জমি দখলের অভিযোগে গ্রেপ্তার পানিহাটীর ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা হিমাংশু দেব
নিজস্ব সংবাদদাতা : আবারও কাউন্সিলর গ্রেপ্তার পানিহাটীতে। এদিন গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করলো পৌরাঞ্চলের ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা, পানিহাটী পৌরসভার PWD বিভাগের পৌরপ্রধান পারিষদ সদস্য হিমাংশু দেবকে। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অবৈধ নির্মাণে যুক্ত থাকা, তোলাবাজী সহ বেআইনি ভাবে জমি দখলের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। হিমাংশু দেব পানিহাটীর প্রাক্তন বিধায়ক ও রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ। হিমাংশুর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন তিনি কাউন্সিলর থাকলেও এলাকার উন্নয়নের কোন কাজ হয় নি, তার ওয়ার্ডের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ইস্ট স্টেশন রোড গত ১৫ বছর ধরে বছরের প্রায় ৬মাস ডুবে থাকে জমা জলের তলায়। হিমাংশু দেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি বারংবার এই রাস্তা এবং নিকাশী সংস্কারের নাম লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সূত্র জানাচ্ছে গ্রেপ্তারের পর পানিহাটীর প্রাক্তন বিধ্যায়কের বর্তমান অবস্থানের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিষয়ে পানিহাটীর যুব বিজেপি নেতা জয় সাহার মন্তব্য, পানিহাটী জুড়ে সাফাই অভিযান চলছে, খুব শীঘ্রই এই সমস্ত চুনো পুঁটিদের মাথাও ধরা পড়বে।


