পশ্চিমবঙ্গ

পুকুরে ভাসমান বস্তা থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য বারুইপুরে

ধোপাগাছির পুকুর থেকে বস্তাটি পাড়ে আনতেই ভিতর থেকে মানুষের পা বেরিয়ে পড়ে, বস্তা খুলতেই উদ্ধার হয় মহিলার গলার নলি কাটা মৃতদেহ, আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা : পুকুরে ভাসমান বস্তা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের (Dead Body Recovery) ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বারুইপুরের (Baruipur) ধোপাগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরবেলায় ওই এলাকার একটি পুকুরে সাদা রঙের একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। স্থানীয়দের দাবী, পুকুরে বস্তাটি কে বা কারা ফেলেছে তা জানতে চাওয়া হলে কোনও স্পষ্ট উত্তর মেলেনি। এরপরেই পুকুরটির মালিক বস্তাটি টেনে পাড়ে তোলেন। আর বস্তাটি পাড়ে আনতেই দেখা যায় তার ভিতর থেকে একটি মানুষের পা বেরিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বস্তার মুখ খুলতেই উদ্ধার হয় গলার নলি কাটা এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে মহিলার গলার নলি কেটে তাকে খুন করা হয়েছে। এরপর রাতের অন্ধকারে দেহটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মৃতার পরিচয় জানবার চেষ্টার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনা পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে নিরাপত্তা ও নজরদারী বাড়ানোর দাবী জানিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *