স্টিয়ারিং হাতে হঠাৎ অসুস্থ বাসচালক, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আগরপাড়া বি টি রোডে
হঠাৎ অসুস্থ বাসচালক, নিয়ন্ত্রণ হারিয়ে বি টি রোডের ডিভাইডার পেরিয়ে থার্ড লেনে ঢুকে গেলো যাত্রীবাহী বাস, দুর্ঘটনা আগরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা: ফের বি টি রোডে (B.T.Road) যাত্রীবাহী বাস দুর্ঘটনা। তবে, এবারের দুর্ঘটনা বেপরোয়া গতির কারণে নয়, তীব্র দাবদাহের কারনে চালক আচমকাই অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল আগরপাড়ায় (Agarpara) বিটিরোডে কামারহাটী ফায়ার স্টেশনের (Kamarhati Fire Station) সামনে। এই মুহূর্তে চৈত্রের দাবদাহে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সেই পরিস্থিতিতে এদিন বিটিরোড ধরে আসা দক্ষিনেশ্বর থেকে সোদপুরগামী একটি বেসরকারী বাস কামারহাটী ফায়ার স্টেশনের সামনে পৌঁছতেই ডিভাইডার অতিক্রম করে হুড়মুড়িয়ে থার্ড লেনে ঢুকে পড়ে। সেই সময়ে সেখানে কয়েকটি সাইকেল ও ১টি বাইক রাখা ছিলো। একটি সাইকেল দুর্ঘটনাগ্রস্ত বাসের তলায় ঢুকে যায়। তবে বাইকের চালক বাইক থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। ঘটনাস্থলের ঠিক পাশেই যাত্রী প্রতীক্ষালয়ে বসে থাকা কয়েকজন স্থানীয় বাসিন্দা দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক সহ যাত্রীদের উদ্ধার করতে ছুটে গিয়ে দেখেন বাস চালক জ্ঞান হারিয়েছেন। কিন্তু বরাত জোরে প্রাণ রক্ষা হয়েছে বাস যাত্রীদের, কারোর কোনো আঘাতই লাগেনি। এরপর স্থানীয়রাই তড়িঘড়ি অসুস্থ বাস চালককে উদ্ধার করে নিকটবর্তী সাগর দত্ত মেডিকেল কলেজে এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং সাইকেলটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় সোদপুর ট্রাফিক গার্ড এবং খড়দহ থানার পুলিশ। উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা জানান, প্রখর রোদে দুপুরবেলায় সেখানে মানুজনের উপস্থিতি কম থাকায় প্রাণ হানির ঘটনা ঘটেনি। অন্য সময়ে হলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারত। তারা আরও জানান, বাস যাত্রীরাই তাদের জানিয়েছেন, এহেন দুর্ঘটনা বাস চালকের বেপরোয়া গতিতে চালানোর কারনে হয়নি। তীব্র দাবদাহে বাস চালাতে চালাতে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে।


