বিজেপি কর্মীর ওপর নৃশংস হামলা! কাঠগড়ায় তৃণমূল, তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ
এদিন ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম পাপ্পু সানা। অভিযোগ, এদিন যাদবপুর থেকে গাড়ি করে এসে একদল দুষ্কৃতী ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে।
৭এ নিউজ ডেস্ক: রাজ্যে অব্যাহত ভোট-পরবর্তী হিংসা (Post-Poll Violence)। এবার বিজেপি (BJP) কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর (Narendrapur) থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত বিজেপি কর্মীর নাম পাপ্পু সানা। অভিযোগ, এদিন যাদবপুর থেকে গাড়ি করে এসে একদল দুষ্কৃতী ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ। আর সেই ফুটেজে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি এসে থামে নরেন্দ্রপুরের সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে। গাড়ি থেকে একদল দুষ্কৃতী নেমে এক ব্যক্তিকে ঘিরে ধরে তাঁকে বাঁশ, ইট দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। আর ওই ব্যক্তিই হলেন বিজেপি কর্মী পাপ্পু সানা। প্রথমে গুরুতর আহত অবস্থায় পদ্ম শিবিরের কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক পরিস্থিতি আশংকাজনক হওয়ায় তাঁকে এসএসকেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই বিজেপি কর্মী।ইতিমধ্যেই এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বিজেপি কর্মীর ওপর হামলার প্রেক্ষিতে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। বিজেপি কর্মীর ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।



