পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে প্রচুর সরকারী সামগ্রী উদ্ধার,উত্তপ্ত গঙ্গাসাগর
গঙ্গাসাগরে পঞ্চায়েত সদস্যের বাড়িতে লুকানো অবস্থায় উদ্ধার প্রচুর সরকারী ত্রিপল, এসি নেট ও মাছের খাবার,বিক্ষোভ গ্রামবাসীদের, এলাকায় তুমুল উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত গঙ্গাসাগর। এবার এক পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে সরকারি ত্রিপল, এসি নেট ও প্রচুর মাছের খাবার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের জীবনতলা এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম শেখ মান্নান। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা এলাকার বাসিন্দারা আচমকাই তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ মান্নানের বাড়িতে চড়াও হন। তল্লাশি চালাতেই তার বাড়ি থেকে উদ্ধার হয় ৩ বস্তা এসি নেট, ১৬টি সরকারি ত্রিপল এবং বেশ কিছু মাছের খাবার, যেগুলি লুকোনো অবস্থায় ছিলো। আর এই খবর চাউর হতেই শয়ে শয়ে মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হন এবং ওই পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, তারা পঞ্চায়েত সদস্যের কাছে ত্রিপল চাইতে গেলে বারংবার তিনি ‘নেই’ বলে ফিরিয়ে দিয়েছেন। অথচ নিজের বাড়িতে এত সরকারী জিনিস লুকিয়ে রেখেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ওই সমস্ত সরকারী সামগ্রী উদ্ধার করে বিডিও অফিসে জমা দেওয়া হয়। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শেখ মান্নান। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকা।



