news

নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ! রাজ্যজুড়ে ‘দুর্গা স্কোয়াড’, প্রতিটি থানায় ২৪ ঘণ্টার মহিলা ও সাইবার হেল্পডেস্ক চালু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা—৫০০ থানায় একযোগে উদ্বোধন, পুলিশের রেসপন্স টাইম ৩ ঘণ্টা থেকে ৫ মিনিটে নামানোর নির্দেশ, সাইবার অপরাধ দমনে আসছে বিশেষ নজরদারি ব্যবস্থা।

নিজস্ব সংবাদদাতা : সরকার গঠনের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আধুনিকীকরণ প্রক্রিয়ার পাশাপাশি প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই রাজ্যে নারীদের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সাইবার অপরাধের ক্রমবর্ধমান বিস্তার রোধে ‘দুর্গা স্কোয়াড’-এর সূচনা করার পাশাপাশি রাজ্যজুড়ে ‘সাইবার হেল্পডেস্ক’ এবং ‘মহিলা হেল্পডেস্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন  করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নের সভাঘর থেকে রাজ্যের প্রায় ৫০০টি থানায় এই বিশেষ পরিষেবাগুলোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই হেল্প ডেস্কগুলো দিনরাত ২৪ ঘণ্টাই সচল থাকবে এবং সেখানে সার্বক্ষণিক প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা মোতায়েন থাকবেন যাতে মহিলারা যেকোনো সময় সহায়তা পেতে পারেন।
তবে উদ্বোধনী মঞ্চ থেকেই রাজ্য পুলিশের কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ব্লু-প্রিন্ট পেশ করেন। তিনি নির্দেশ দেন যেন অপরাধের তথ্য কোনোভাবেই গোপন না রাখা হয় এবং আপৎকালীন পরিস্থিতিতে পুলিশ পৌঁছানোর সময়সীমা বর্তমানের ৩ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ৫ মিনিটে নামিয়ে আনা হয়। মুখ্যমন্ত্রী এই দিন উল্লেখ করেন যে, গুজরাট, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের মতো অন্যান্য রাজ্যে জরুরি নম্বরে ফোন আসার পর পুলিশ গড়ে ৬ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, যেখানে এই রাজ্যে গড়ে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
একই সঙ্গে প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্কও চালু করা হয়েছে। বর্তমানে আর্থিক তছরুপ, মোবাইল ফোনে বিভিন্ন প্রতারণামূলক মেসেজ পাঠিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো সাইবার অপরাধগুলো একটি সামাজিক মহামারীর রূপ ধারণ করেছে, যা জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে। এই জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ করা, প্রাথমিক সহায়তা প্রদান এবং তদন্ত প্রক্রিয়াকে আরও সহজতর করতে প্রতিটি থানায় বিশেষ সাইবার হেল্প ডেস্ক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জানানো হয়েছে যে, রাজ্য স্তরে সাইবার অপরাধের ওপর একচেটিয়াভাবে নজরদারি চালানোর জন্য একজন ডেডিকেটেড সিনিয়র আধিকারিক (এডিজি বা আইজি পদমর্যাদার) নিয়োগ করা হবে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে পুরো রাজ্যের সাইবার পুলিশ স্টেশন ও হেল্পডেস্কগুলোর তদারকি করবেন।
উল্লেখ্য যে, অভয়া কাণ্ডের পরবর্তী সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে পূর্বতন রাজ্য সরকার বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছিল। শুধুমাত্র আরজি করের ঘটনা নয়, বরং রাজ্যে একের পর এক নারী ও শিশুদের নিগ্রহের ঘটনায় জনমানসে অত্যন্ত বিরূপ প্রভাব পড়েছিল। সেই পরিস্থিতির প্রেক্ষিতে পরিবর্তনের এক মাসের মধ্যেই আইন-শৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিটি মহকুমায় বিশেষ ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই বিশেষ ইউনিট নারী নিরাপত্তা সংক্রান্ত সমস্ত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ, টহলদারি বৃদ্ধি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *